‘সব প্রশ্নের উত্তর দিতে নেই’, শাকিব প্রসঙ্গে বুবলী 

সামাজিক যোগাযোগমাধ্যমের নানা আলোচনা আর গুঞ্জন, জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। 

সেই ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে তার একটি পুরোনো মন্তব্য- ‘সব প্রশ্নের উত্তর দিতে নেই।’ আর এই শিক্ষাই তিনি পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কাছ থেকে। 

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুবলী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।” 

পোস্টের সঙ্গে প্রকাশ করা ফটোকার্ডে জানানো হয়, গত ১১ মে জন্ম হয়েছে তাদের কন্যাসন্তানের। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। ওই পোস্টে সন্তানের বাবা হিসেবে শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী। 

সন্তানের জন্মের খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিষয়টি অনেকের কাছে নতুন হলেও গত কয়েক মাস ধরেই বুবলীকে ঘিরে দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছিল জোরালো। 

বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি, পোশাক-পরিচ্ছদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবি দেখে নেটিজেনদের একটি অংশ ধারণা করেছিলেন, তিনি আবারও মা হতে চলেছেন। এর আগে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে সময় কাটানোর পরও তাদের সম্পর্ক ও পারিবারিক জীবন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছিল।

তবে এত আলোচনা-সমালোচনার মাঝেও এ বিষয়ে মুখ খোলেননি বুবলী। বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। কখনো সরাসরি অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি।