কলকাতায় হেনস্তার অভিযোগ: মোশাররফ করিম বললেন বাস্তবে কিছুই ঘটেনি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে কলকাতায় হেনস্তা করা হয়েছে এমন অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তি তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন। 
 
মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরে কয়েকটি সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়। তবে বিষয়টির সত্যতা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। 

তবে, একটি সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মোশাররফ করিম জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি। ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান।

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। 

যদিও এই বিষয়ে অভিনেতা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা বিবৃতি দেননি।