শুক্রবার (২৬ জুন) জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট ঢাকায় হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরুর মাত্র একদিন আগে আয়োজকরা তা স্থগিতের সিদ্ধান্ত জানায়।
অনিবার্য কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
এক বিবৃতিতে তারা জানায়, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং সরকারের যথাযথ অনুমোদনও নেওয়া হয়েছিল।
তবে অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করায় কনসার্টটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইয়ামাহা মিউজিক কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, যারা এ কনসার্টের টিকেট কিনেছিলেন, তাদের টিকেটের সম্পূর্ণ দাম অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
কনসার্টটি আবার কবে হতে পারে এবং টিকিট রিফান্ড প্রক্রিয়ার বিস্তারিত তথ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে।
শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই কনসার্ট হওয়ার কথা ছিল।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টে আরও পারফর্ম করার কথা ছিল ‘বেঙ্গল সিম্ফনির’।
ঢাকা-কলকাতা দুই জায়গাতেই অনুপম রায় বেশ জনপ্রিয়। এর আগেও ঢাকায় বেশ কয়েকবার কনসার্ট করেছেন তিনি।
২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে আলোচিত হন অনুপম রায়। এরপর একের পর এক গান গেয়ে প্রশংসিত হন তিনি।
এছাড়া,‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে সুযোগ পান বাঙালি এই শিল্পী।