জনপ্রিয় সঙ্গীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বর্ষা মৌসুমের নতুন গান নিয়ে আসছে আজ রবিবার সন্ধ্যায়।
বাংলা সিজন ৪ এর নতুন গান ‘মেঘ’ প্রকাশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আষাঢ়ের আবহকে ঘিরে তৈরি এই গানটি বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য ও সমকালীন সুরের এক অনন্য মেলবন্ধন।
‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি হয়েছে। এতে উঠে এসেছে বর্ষাকালকে ঘিরে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি।
গানটির অন্যতম বিশেষ দিক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে নতুনভাবে উপস্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে, আধুনিক স্পোকেন ওয়ার্ডের সংযোজনে ‘মেঘ’ পরিচিত ভাবনাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। শাস্ত্রীয় সঙ্গীত, সমকালীন সুর এবং নতুন ধারার সংগীতায়োজনের সমন্বয়ে তৈরি এই গান কোক স্টুডিও বাংলার সেই ধারাবাহিক প্রচেষ্টাকেই তুলে ধরে, যেখানে স্থানীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে পৌঁছে দেওয়া হয়।
কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মেঘ’ গানটি সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে রাত ৮টার দিকে।