বিশ্বকাপের উন্মাদনা নিয়ে বিশেষ নাটক ‘আমাদের বিশ্বকাপ’

ফুটবল বিশ্বকাপ এলেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মাঝে যে উন্মাদনা তৈরি হয়, তার বড় একটা অংশ জুড়ে থাকে বাংলাদেশ। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে যে আবেগ, খুনসুটি আর দ্বন্দ্ব তা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আমাদের বিশ্বকাপ’।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় ‘জাগো এন্টারটেইনমেন্ট’- এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে এই নাটকটি। 

খেলা নিয়ে মাঠের লড়াইয়ের বাইরেও সাধারণ মানুষের সামাজিক ও পারিবারিক আবহ এবং সম্পর্কের গভীরতা এই নাটকে তুলে ধরেছেন পরিচালক মহিদুল মহিম।  

নাটকটিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যকার নানা তর্ক-বিতর্ক, একে অন্যকে খোঁচা দেওয়ার প্রবণতা এবং মজার সব কীর্তি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে পরিচালক কেবল বিনোদনেই সীমাবদ্ধ থাকেননি; গল্পের শেষ প্রান্তে তিনি এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। গল্পটি মনে করিয়ে দেয় - খেলাধুলা জীবনেরই একটি সুন্দর অংশ মাত্র, তবে মানুষের পারস্পরিক সম্পর্ক ও জীবনের মূল্য তার চেয়েও অনেক বেশি।

পুরান ঢাকার বিভিন্ন মনোরম লোকেশন এবং উত্তরার একটি শুটিং হাউজে ‘আমাদের বিশ্বকাপ’ নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। অভিনয়ের সময় শিল্পীরা দুই দলের ঐতিহ্যবাহী জার্সি, পতাকা এবং জার্সির রঙের সাথে মিলিয়ে শাড়ি, লুঙ্গিসহ নানা অনুষঙ্গ ব্যবহার করেছেন।

শুটিংয়ের মজার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পরিচালক মহিদুল মহিম বলেন, “বিশ্বকাপ এলেই আমাদের বিভিন্ন পরিবারে কিংবা এলাকায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে যে মজার লড়াই শুরু হয়, সেটাই গল্পে তুলে ধরেছি। তবে সবচেয়ে মজার বিষয় ছিল, বাস্তবে যারা আর্জেন্টিনার সমর্থক, গল্পের প্রয়োজনে তাদের অভিনয় করতে হয়েছে ব্রাজিলের ভক্ত হিসেবে। আবার কট্টর ব্রাজিল সমর্থকদের সাজতে হয়েছে আর্জেন্টিনার সমর্থক। ফলে শুটিং সেটেই তাদের মধ্যে দারুণ হাস্যরসাত্মক এক পরিবেশ তৈরি হয়েছিল।”

বিশ্বকাপের এই জমজমাট আমেজে নাটকটি দর্শকদের মন জয় করবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় একঝাঁক তারকা। যাদের মধ্যে রয়েছেন - ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, সাইদুর রহমান পাভেল, নাদের চৌধুরী ও জীবনসহ আরও অনেকে।