চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী শিবা শানু ও জয় চৌধুরী 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে অভিনেতা জয় চৌধুরী বিজয়ী হয়েছেন। 

শনিবার (৪ জুলাই) ভোরে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সভাপতি-সাধারণ সম্পাদক দুজন একই প্যানেলের হয়ে লড়েছিলেন। 

এর আগে, শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী আর তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। 

এ ছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা আর অভিনেত্রী নূতন ও রোজিনা হেরে গেছেন। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুব্রত, হেরে গেছেন রিনা খান। 

এছাড়াও, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সনি রহমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির। দপ্তর ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মারুফ আকিব। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল। 

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন- আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।