মুক্তির প্রথম দিনেই দর্শক-সমালোচক উভয় মহলের প্রশংসায় ভাসছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’।
শুক্রবার (১০ জুলাই) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই একাধিক প্রদর্শনীতে হাউজফুল হওয়ার খবর মিলেছে।
একই সঙ্গে সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অনেক দর্শক। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন শিল্পী অভিনেতা-অভিনেত্রীরা।
মুক্তির দিন কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে আয়োজিত বিশেষ প্রদর্শনী ও দর্শক মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং সংগীতশিল্পী ইমন চক্রবর্তী।
সিনেমা দেখার পর কেউ চোখের জল মুছেছেন, কেউ আবার প্রিয় অভিনয়শিল্পীদের জড়িয়ে ধরে ছবিটি তাদের কতটা স্পর্শ করেছে, সেই অনুভূতি প্রকাশ করেছেন।
দর্শকদের এই আবেগঘন প্রতিক্রিয়াকে ছবিটির সাফল্যের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন চলচ্চিত সংশ্লিষ্টরা।
চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেছেন নির্মাতা ইন্দ্রনীল রায়। তিনি বলেন, “গত দুই দশক ধরে কৌশিক গাঙ্গুলী বাংলা চলচ্চিত্রে ব্যতিক্রমী মানবিক সম্পর্কের গল্প তুলে ধরেছেন।”