মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়েছেন সামানজার সাঈদ। আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল। ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বাংলাদেশের হয়ে অংশ নেবেন নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদ।
শনিবার (১১ জুলাই) তার মাথায় বিজয়ীর মুকুট পরানো হয়।
এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ‘বিউটি উইথ আ পারপাস’ মিস ওয়ার্ল্ডের মূল দর্শনকে সামনে রেখে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ।
এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন- মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ফ্যাশন ও টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, স্টার লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এর এফা তাবাসসুম।
বিভিন্ন ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী। তারা হচ্ছেন- আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা ঐশী।
শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হলে সবার সেরা হয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬–এর মুকুট জয়ী হন সামানজার সাঈদ। প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন লাবিবা মনজুর।