এবারের ঈদ-উল-আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আলোচনার জন্ম দিলেও শেষ পর্যন্ত ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি।
এবার সেই রকস্টার আসছে ওটিটিতে। ২৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ছবিটি। আজ খবরটি নিশ্চিত করেছে চরকি।
চরকি এক ফেসবুক বার্তায় বলেছে, ‘‘অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।’’
ছবিতে শাকিবের সঙ্গে আছেন সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান, কাজী সাবির প্রমুখ।
শাকিব-সাবিলার এই ছবিটিতে সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিবের ঠোঁটের সবগুলো গানের কথা, সুর ও কণ্ঠ আহমেদ হাসান সানির। এর বাইরে দুটি গান করেছেন পান্থ কানাই ও অংকন কুমার।