সিনেপ্লেক্সে বড় চমক, একসঙ্গে আসছে ৪ সিনেমা

শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে শুরু হচ্ছে সিনেমাপ্রেমীদের জন্য নতুন এক আয়োজন। ঢাকার দর্শকদের জন্য সিনেপ্লেক্সের পর্দায় একই দিনে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে আলোচিত ভিন্ন ঘরানার চারটি বড় বাজেটের সিনেমা। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, সায়েন্স ফিকশন অ্যানিমেশন ও থ্রিডি লাইভ কনসার্ট - সব ধরনের দর্শকের জন্যই থাকছে ভিন্ন স্বাদের বিনোদন।

‘এভিল ডেড বার্ন’

বিখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজি ‘এভিল ডেড’-এর ষষ্ঠ কিস্তি পরিচালনা করেছেন  সেবাস্তিয়ান ভানিচেক এবং প্রযোজনা করেছেন স্যাম রাইমি ও রব ট্যাপার্ট। স্বামীর অকালমৃত্যুর পর এক তরুণী তার শ্বশুড়বাড়ির লোকজনের কাছে আশ্রয় নেয়। কিন্তু ‘বুক অব দ্য ডেড’-এর অভিশপ্ত ডেমোনিক শক্তি জাগ্রত হলে তাদের পারিবারিক মিলনমেলা পরিণত হয় ভয়ংকর দুঃস্বপ্নে। রক্তাক্ত দৃশ্য ও বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টে ভরপুর সিনেমাটি হররপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হতে পারে।

‘প্যাসেঞ্জার’

আন্দ্রে ওভ্রেডালের পরিচালনায় নির্মিত ‘প্যাসেঞ্জার’ একটি সাইকোলজিক্যাল হরর ও সাসপেন্স থ্রিলার। সিনেমাটিতে এক তরুণ দম্পতির গল্প তুলে ধরা হয়েছে, যারা ভ্যান লাইফ রোড ট্রিপে বেরিয়ে নির্জন মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়। আহত এক আরোহীকে উদ্ধারের পর তারা জানতে পারে, একটি অতিপ্রাকৃত ডেমোনিক শক্তি তাদের অনুসরণ করছে। সীমিত পরিসরের মধ্যে বেঁচে থাকার লড়াই সিনেমাটিতে তৈরি করেছে টানটান উত্তেজনা।

‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’

শিশু-কিশোর ও পারিবারিক দর্শকদের জন্য নির্মিত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর অ্যানিমেশন ছবি ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’। ভবিষ্যতের ২০৫০ সালের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে চার মেধাবী শিক্ষার্থী ভুলবশত একটি সময়ভ্রমণ যন্ত্রের মাধ্যমে অতীতের ৮২৫ খ্রিষ্টাব্দে বাগদাদে পৌঁছে যায়। সেখানে এক দুষ্ট রসায়নবিদ সময়ভ্রমণের প্রযুক্তি ব্যবহার করে ইতিহাস থেকে বিজ্ঞানের সব আবিষ্কার মুছে ফেলতে চায়। মানবসভ্যতার জ্ঞান ও ইতিহাস রক্ষায় এরপর শুরু হয় চার খুদে অভিযাত্রীর রোমাঞ্চকর মিশন। 

‘বিলি আইলিশ - হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’

সংগীতপ্রেমীদের জন্য থাকছে পপ তারকা বিলি আইলিশের কনসার্ট ফিল্ম ‘বিলি আইলিশ - হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’। এটি একটি থ্রিডি লাইভ কনসার্ট ফিল্ম, যেখানে গায়িকার বিশ্বখ্যাত ট্যুরের ম্যানচেস্টার শো তুলে ধরা হয়েছে। সিনেমাটি যৌথভাবে তৈরি করেছেন পরিচালক জেমস ক্যামেরন ও বিলি আইলিশ। অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত সাউন্ড ব্যবস্থার কারণে দর্শকেরা প্রেক্ষাগৃহে বসেই কনসার্টের সরাসরি অভিজ্ঞতা পাবেন।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের দর্শকদের জন্য সবসময় নতুন ও মানসম্মত আন্তর্জাতিক সিনেমা নিয়ে আসার চেষ্টা করে সিনেপ্লেক্স। ভয়, থ্রিল, বিজ্ঞান ও সংগীত - এমন বৈচিত্র্যময় সমন্বয় আগে খুব কমই দেখা গেছে। দর্শকেরা পরিবার ও বন্ধুদের সঙ্গে এসব সিনেমা উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।