কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে দুরন্ত’র যত আয়োজন

আগামী ৬ আগস্ট, ২২ শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্বের প্রয়াণ দিবস ঘিরে বিশেষ আয়োজন করেছে দুরন্ত টেলিভিশন। প্রতিটি অনুষ্ঠানেই থাকছে ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনা। দুরন্ত টেলিভিশনের বিশেষ দিনের এই আয়োজনে যা যা থাকছে, চলুন একনজরে দেখা যাক-

তাসের দেশ

রবি ঠাকুরের গান ও নাচ নিয়ে বিখ্যাত নাটক “তাসের দেশ” দেখা যাবে দুরন্ত টিভিতে। মঞ্চ নাটকটি পরিবেশন করেছে ছোট্ট বন্ধুদের সংগঠন “ফুলকি”। নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব এবং সঙ্গীত আয়োজন করেছেন সোমা রায়। এটি প্রচারিত হবে কবিগুরুর প্রয়াণ দিবস ২২শে শ্রাবণ (৬ আগস্ট), বৃহস্পতিবার, সকাল ৭টায়।

মেঘের কোলে রোদ হেসেছে

কবিগুরুর রচিত গান নিয়ে দুরন্ত টিভি’র আয়োজন “মেঘের কোলে রোদ হেসেছে”। এ অনুষ্ঠানটিতে গান গেয়েছে আনন্দী ঘোষ, রামিজা হাসান, দিন ইসলাম ইমরান, আরিবা জামান আর বিদ্যাস্তুতি সিংহ। আয়োজনটি পরিচালনা করেছেন এ. কে. কমল। এটি প্রচারিত হবে ২২শে শ্রাবণ (৬ আগস্ট), বৃহস্পতিবার, দুপুর ১২টায়।

রবির কিরণ

কবিগুরুর প্রয়াণ দিবসে দুরন্ততে দেখা যাবে “রবির কিরণ”।  বিশেষ এই আয়োজনে কবির রচিত বিভিন্ন কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে “কল্পরেখা”র ছোট্ট বন্ধুরা।  অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এ. কে. কমল। প্রচারিত হবে ২২শে শ্রাবণ (৬ আগস্ট), বৃহস্পতিবার, ৫টা ৩০ মিনিটে।

এছাড়াও রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা “মাধো” ও “ডাকঘর”, ‘মাধো’ ও ‘ডাকঘর’ নির্মাণ করেছেন যথাক্রমে সুমনা সিদ্দিকী ও লুসি তৃপ্তি গোমেজ।