সময়টা একদমই ভালো যাচ্ছে না বলিউড ভাইজান সালমান খানের। একের পর এক সমস্যায় পড়তে হচ্ছে ভাইজানকে। একাধিকবার মিলেছে হত্যার হুমকি। এরই মধ্যে “দ্যা গ্রেট ইন্ডিয়ান কাপিল শো” অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার দায়ও পড়লো সালমান খানের ওপর। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
এই অনুষ্ঠানের সঙ্গে সালমানের প্রযোজনা সংস্থা জড়িত। আর সেকারণে আইনি নোটিশও পৌঁছে যায় অভিনেতার কাছে। এই অভিযোগের পর এবার বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সালমান খান।
বুধবার টিম সালমানের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, “নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’ অনুষ্ঠানের সঙ্গে আমরা কোনোভাবেই যুক্ত নই। কিছু কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, এই অনুষ্ঠানের সঙ্গে সালমান খানের প্রযোজনা সংস্থা এসকেটিভি জড়িত। তাই তারাও আইনি নোটিশ পেয়েছে। যদিও এই খবর একদমই ঠিক নয়। আমরা এই অনুষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই।’’
সম্প্রতি “দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল শো”-এ কৌতুক করার সময় রবীন্দ্রনাথের লেখা “একলা চলো রে” গানটি নিয়ে অশালীন ঠাট্টা করা হয়। যে কৌতুকে হাসতে দেখা যায় বলিউড অভিনেত্রী কাজল-কেও। সেই পর্বটি দেখে বিরক্ত হন কবি শ্রীজত বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের গান নিয়ে এধরনের ঠাট্টা করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান শ্রীজাত। প্রয়োজনে আইনি পথে হাঁটারও হুঁশিয়ারি দেন তিনি। শ্রীজাতকে সমর্থন করেছিলেন পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তসহ আরও অনেকেই।
এ ঘটনার পরপরই ওই অনুষ্ঠানের আরেক অভিনেতা ক্রিষ্ণা অভিষেক অবশ্য নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। আর এবার সেই কাপিলের অনুষ্ঠানের সঙ্গে নাম জড়িয়ে গেল সালমান ও তার প্রযোজনা সংস্থার।
উল্লেখ্য, নেটফ্লিক্স নয়, এর আগে নামী এক চ্যানেলে সম্প্রচারিত কাপিলের অনুষ্ঠানের ২য় ও ৩য় পর্বের সহ-প্রযোজনা করেছিল সালমানের এসকেটিভি। তবে নেটফ্লিক্সের শোয়ের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
ওটিটি প্ল্যার্টফর্ম নেটফ্লিক্সের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, এই অনুষ্ঠানের উদ্দেশ্য বিনোদন দেওয়া। কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে উদ্দেশ্য করে তামাশা করা এর নয়।



আসছে ‘বাজিগর ২’, ফের নায়কের চরিত্রে শাহরুখ!