‘লাগান’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের নজর কেড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
অনুষ্ঠানে তাঁকে আমির খানের সঙ্গে একই ফ্রেমে দেখা গেলেও, দুই খানের পুনর্মিলনের থেকেও বেশি চর্চা হয়, একেবারে নতুন লুকে সালমানের সামনে আসা নিয়ে।
রবিবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন অনুসারে, অনুষ্ঠানে সালমন খানকে দেখা যায় ছোট করে ছাঁটা চুল এবং পরিপাটি হালকা দাড়িতে। পাশাপাশি তাকে আগের তুলনায় অনেক বেশি ফিটও দেখাচ্ছিল, যা ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
অনেকের ধারণা, এই লুকটি হয়তো পরিচালক ভামশী পাইদিপাল্লির সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘এসভিসি৬৩’-এর জন্যই তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। সালমানের এই রূপান্তর দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন এবং তার নতুন ছবির চরিত্র নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
এক ভক্ত ইনস্টাগ্রামের পোস্টে লিখেছেন, “একই ফ্রেমে সালমান খান এবং আমির খান… এক মিনিট, ইনি কি সত্যিই সালমান খান? এই রূপান্তর অবিশ্বাস্য। যদি এটাই ‘এসভিসি৬৩’-এর জন্য তার নতুন লুক হয়, তাহলে বক্স অফিসে বড় কিছু অপেক্ষা করছে। তার আভা অতুলনীয়, উপস্থিতি অসাধারণ, আর মেগাস্টার আবারো প্রমাণ করতে চলেছেন কেন তিনি সবার থেকে আলাদা।”
আরেকজন ভক্ত মন্তব্য করেছেন, “আমির যেন সালমানের পাথরের মতো শক্ত সিক্স-প্যাক দেখে চোখ সরাতেই পারছিলেন না। মিস্টার পারফেকশনিস্ট আমিরও সালমানের ফিটনেস দেখে বিস্মিত হয়ে গিয়েছেন।”
অন্য এক ব্যবহারকারী লিখেছেন, “ওহ মাই গড! সালমান খানের এই লুক সত্যিই অবিশ্বাস্য এবং অসাধারণ।”



