হলিউডের দুই নতুন সিনেমা এবার স্টার সিনেপ্লেক্সে

আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে এসেছে হলিউডের দুটি নতুন সিনেমা। এর মধ্যে একটি ভৌতিক রোমাঞ্চধর্মী ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’, অন্যটি শিশুতোষ অ্যানিমেশন ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’।

শুক্রবার (২১ আগস্ট) থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমা দুটি দেখা যাচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।

ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’

‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ নির্মাণ করেছেন জ্যাকব চেজ। অতিপ্রাকৃত ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্স ও লিন শে।

গল্পে দেখা যায়, জেমা নামের এক তরুণী মা মেয়েকে নিয়ে তার শৈশবের বাড়িতে বসবাস শুরু করে। সেখানেই সে জানতে পারে, তার একটি অস্বাভাবিক ক্ষমতা রয়েছে। সে ‘দ্য ফারদার’ নামে পরিচিত হারানো আত্মাদের জগতে প্রবেশ করতে পারে।

তবে জেমার এই ক্ষমতা শুধু সেই জগতে যাওয়া-আসার মধ্যেই সীমাবদ্ধ নয়। সে ‘দ্য ফারদার’ থেকে অশুভ শক্তিকে বাস্তব জগতেও নিয়ে আসতে পারে। এর ফলে তার পরিবার বিপদের মুখে পড়ে এবং ভেঙে যেতে শুরু করে দুই জগতের মধ্যকার সীমারেখা।

সিনেমাটিতে জেমার চরিত্রে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ।

‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’

একই দিনে দেশের প্রেক্ষাগৃহে এসেছে শিশু ও পারিবারিক বিনোদনের অ্যানিমেশন সিনেমা ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’। এটি জনপ্রিয় ‘পা পেট্রোল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। পরিচালনা করেছেন ক্যাল ব্রুঙ্কার।

সিনেমার গল্পে ‘পাও পেট্রোল’ দল একটি রহস্যময় ঝড়ের কবলে পড়ে অজানা এক দুর্গম দ্বীপে পৌঁছে যায়। ডাইনোসর অধ্যুষিত সেই দ্বীপে রয়েছে সুপ্ত আগ্নেয়গিরি এবং নানা ধরনের বিপদের মধ্যে উদ্ধার অভিযানের সুযোগ।

সেখানে দলের সঙ্গে পরিচয় হয় জবি নামের একটি নতুন কুকুরের। বহু বছর ধরে দ্বীপটিতে আটকে থাকা জবি ডাইনোসর সম্পর্কে বেশ ভালো জ্ঞান অর্জন করেছে।

পুরনো শত্রু মেয়র হামডিঙ্গারের লোভ থেকে দ্বীপের খনিজ সম্পদ ও বিপন্ন ডাইনোসরদের রক্ষা করতে জবি ও ‘পাও পেট্রোল’ দল একসঙ্গে কাজ করে। বুদ্ধি, সাহস ও শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে এগিয়ে যাওয়ার বার্তাও উঠে এসেছে সিনেমাটিতে।

সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, প্যারিস হিলটন ও স্নুপ ডগ। এতে ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ’-এর নতুন গান ‘বোটল আপ’ও রয়েছে।