‘কতটা বাজে’ দেখতে গিয়েই বক্স অফিসে হিট যে সিনেমা

সিনেমাটি কতটা খারাপ, তা দেখতেই যেন প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শক। চীনের স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’ মুক্তির পর দুর্বোধ্য গল্প ও নিম্নমানের গ্রাফিক্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। 

তবে সেই সমালোচনাই শেষ পর্যন্ত সিনেমাটির প্রচারণায় পরিণত হয়েছে। দর্শকের কৌতূহল বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত বেড়েছে টিকিট বিক্রি।

মুক্তির প্রথম ১০ দিনে ‘নিউ লাই’ আয় করেছিল মাত্র ৭,৭০৫ ইউয়ান, যা প্রায় ১,১৪০ ডলারের সমান। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সিনেমাটির আয় বেড়ে ১ কোটি ১৪ লাখ ইউয়ান ছাড়িয়েছে।

সিনেমা ট্র্যাকিং সাইট মাও ইয়ানের তথ্য অনুযায়ী, এখন হলিউডের বড় বাজেটের সিনেমা ‘দ্য অডিসি’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র সঙ্গেও বক্স অফিসে প্রতিযোগিতা করছে ‘নিউ লাই’।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য। একজন লিখেছেন, ৮০ মিনিট সিনেমাটি দেখলে আফসোস হতে পারে, কিন্তু না দেখলে সারা জীবন আফসোস করতে হবে।

সিনেমাটির অ্যানিমেশন নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা রসিকতা। কেউ কেউ বলছেন, এত খারাপ অ্যানিমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা সম্ভব নয়, নিশ্চয়ই মানুষ হাতে বানিয়েছে।

আবার কেউ সিনেমাটিকে ‘দারুণ কাজ’ বলে প্রশংসা করেছেন। আরেক দর্শক এটিকে ‘পুরোপুরি হাতে বানানো’ এবং চলতি গ্রীষ্মের সিনেমার অন্যতম বড় চমক হিসেবে উল্লেখ করেছেন।

সিনেমাটির নাম নিয়েও চলছে মজা। চীনা ভাষায় ‘ষাঁড়’ ও ‘গরু’ বোঝাতে একই অক্ষর ব্যবহৃত হয়। এ কারণে কেউ কেউ সিনেমাটির সাফল্যের সঙ্গে শেয়ারবাজারের উত্থানের যোগসূত্র টানছেন।

এক উইবো ব্যবহারকারী লিখেছেন, শেয়ারবাজারের সূচক চার হাজারে উঠলে তিনি সিনেমাটি দেখতে যাবেন। আরেকজন মন্তব্য করেছেন, সিনেমাটি ভয়ংকর হলেও নামটি দারুণ।

মুক্তির আগে ‘নিউ লাই’ নিয়ে তেমন কোনো প্রচারণাই ছিল না। এমনকি সিনেমাটির ঠিকঠাক প্রচারমূলক পোস্টারও ছিল না। কিন্তু দর্শকের আগ্রহ এতটাই বেড়েছে যে বিভিন্ন প্রেক্ষাগৃহে বাড়তি প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। কোথাও কোথাও দর্শক টানতে হলের কর্মীরাই নিজেদের হাতে সিনেমাটির পোস্টার আঁকছেন।

সিনেমা পর্যবেক্ষণকারী একটি উইবো অ্যাকাউন্ট এই উন্মাদনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে। তাদের মতে, এমন ঘটনা আগে দেখা যায়নি এবং ভবিষ্যতেও হয়তো দেখা যাবে না।

তবে ‘নিউ লাই’ - এর এই সাফল্য নিয়ে সবাই ইতিবাচক নন। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম ‘বেইজিং নিউজ’-এর এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, প্রেক্ষাগৃহগুলো যদি এ ধরনের সিনেমার অতিরিক্ত প্রদর্শনী চালিয়ে যায়, তাহলে দর্শকের আস্থা হারানোর ঝুঁকি রয়েছে।

এর আগে নিম্নমানের কয়েকটি সিনেমা নিয়েও সমালোচনা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে ‘বেইজিং নিউজ’ বলেছে, ‘নিউ লাই’ নিম্নমানের সিনেমার মান আরও নিচে নামিয়ে দিয়েছে। সংবাদমাধ্যমটি দর্শকের স্বার্থকে গুরুত্ব দেওয়ার জন্য প্রেক্ষাগৃহগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

তাদের মতে, স্পষ্টতই মানহীন সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে প্রেক্ষাগৃহগুলোর আরও সতর্ক হওয়া উচিত। ‘নিউ লাই’ - এর মতো সিনেমাকে এভাবে অতিরিক্ত প্রদর্শনের সুযোগ দেওয়াও ঠিক নয়।