মুম্বাইয়ের গুণ্ডাভালি মেট্রো স্টেশনের একটি কমলা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে এক মজার ও আনন্দদায়ক কাণ্ড। স্টেশনে দিনরাত ঘুরে বেড়ানো এই বিড়ালটিকে সরকারি চাকরি দেওয়ার জন্য যাত্রীরা রসিকতা করে দাবি জানালে তা হাসিমুখে মেনে নিয়েছে মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ। রসিকতার ছলে কর্তৃপক্ষ বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে 'চিফ ফেলাইন অফিসার' বা ‘প্রধান বিড়াল কর্মকর্তা’ পদে পদায়ন করেছে।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের ওই বিড়ালটি নিয়মিত যাত্রীদের কাছে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ। সম্প্রতি সন্দেশ সামন্ত নামের এক যাত্রী প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করেন। তিনি লেখেন, “এই নিষ্পাপ প্রাণীটিকে একটি সরকারি পদ দিন, সে আপাতত বিনা বেতনে কাজ করছে।”
পোস্টটি নজরে আসার পর এমএমএমওসিএল কর্তৃপক্ষও বিষয়টি হাস্যরসের সাথে লুফে নেয়। বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ হিসেবে ঘোষণা দিয়ে তারা মন্তব্য করে, “বিড়ালটির মূল দায়িত্ব স্টেশনের সার্বিক পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ এবং সবার নজর কাড়ার মতো জায়গায় নিশ্চিতভাবে বসে থাকা। এখন পর্যন্ত তার কর্মদক্ষতা এক কথায় পারফেক্ট!”
মেট্রো কর্তৃপক্ষের এই রসিকতাপূর্ণ প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পোস্টটির কমেন্ট বক্সে সাধারণ মানুষ ও নিয়মিত মেট্রো যাত্রীরা নানা মন্তব্য করছেন। এক যাত্রী লিখেছেন, “প্রতিদিন সকালে স্টেশনে নেমে আমি এই কর্মকর্তাটিকেই আগে খুঁজি।” অন্য আরেকজন মজা করে লিখেছেন, “তাকে পদোন্নতি দিয়ে প্রধান ইঁদুর শিকারি বানানো হোক।”