অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ জনপ্রিয় একটি অনুষ্ঠান।কঠিন প্রশ্নের পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে মজার কথোপকথনেও মাতিয়ে রাখেন বলিউডের এই মেগাস্টার।
সম্প্রতি এমনই এক পর্বে বিবাহিত পুরুষদের উদ্দেশে মজার ছলে সতর্কবার্তা দিয়েছেন অমিতাভ বচ্চন।
রবিবার (৩০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমগুলো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ পর্বের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এর সাম্প্রতিক পর্বে বিয়ের তারিখ নিয়ে কথা বলতে গিয়ে অমিতাভ বলেন, বিবাহিত পুরুষদের ভুলেও নিজেদের বিয়ের তারিখ ভুলে যাওয়া উচিত নয়। এমনটা হলে স্ত্রীদের রোষের মুখে পড়তে হতে পারে বলেও রসিকতা করেন তিনি।
দীর্ঘদিনের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকেই যেন এই পরামর্শ দিয়েছেন অমিতাভ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে সংসার করছেন তিনি।
সেই অভিজ্ঞতা থেকেই বিবাহিত পুরুষদের উদ্দেশে মজার ছলে বলেন, ‘‘স্বামীদের উদ্দেশে আমার কিছু বলার আছে, মন দিয়ে শুনুন। সব তারিখ হয়তো আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু বিয়ের তারিখ কখনোই ভুলবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ।’’
বিয়ের তারিখ মনে না রাখলে কী হতে পারে, সেটিও রসিকতার মাধ্যমে বোঝান অমিতাভ। তার মতে, এই ভুলের পর স্বামীদের দিকে জুতা উড়ে আসার পরিস্থিতিও তৈরি হতে পারে। অমিতাভের এমন মজার মন্তব্যে অনুষ্ঠানে হাসির রোল ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে সেই বক্তব্যের ভিডিও।
অমিতাভ ও জয়া বচ্চন বলিউডের অন্যতম দীর্ঘস্থায়ী দম্পতি। ১৯৭৩ সালে বিয়ের পর পাঁচ দশকের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন তারা।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিভিন্ন পর্বে নিজেদের দাম্পত্যজীবনের নানা মজার অভিজ্ঞতা শেয়ার করতে দেখা গেছে অমিতাভকে।