আশা ভোঁসলের কণ্ঠ মানেই কয়েক প্রজন্মের স্মৃতি, অসংখ্য জনপ্রিয় গান আর সুরের নিজস্ব এক জগৎ। সেই কিংবদন্তি কণ্ঠের শেষ রেকর্ড করা গান এবার আবারও ফিরছে শ্রোতাদের কাছে।
আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকী। এই দিনটিতে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই বিশেষ এই গান প্রকাশের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এই বিশেষ দিনে প্রকাশ পাবে কমেডি-ড্রামা সিনেমা ‘ওম কা হরি’র জন্য আশা ভোঁসলের রেকর্ড করা গান ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির পরিচালক হরিশ ব্যাস।
আশা ভোঁসলে ছিলেন এমন এক শিল্পী। ভারতীয় সংগীতের ইতিহাসে তার নাম উচ্চারণ করলেই সামনে আসে অসংখ্য গান, অসংখ্য সুর, আর তার চেয়েও বেশি বৈচিত্র্য।
আট দশকের দীর্ঘ সংগীতজীবনে তিনি ১২ হাজারের বেশি গান রেকর্ড করেছেন বিভিন্ন ভাষায়। হিন্দি, মারাঠি, বাংলা থেকে গজল, কাওয়ালি, পপ, ক্যাবারে প্রায় সব ধরনের গানেই নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি।
আশার কণ্ঠে রেকর্ড করা জীবনের শেষ এই গান ভক্তদের জন্য হয়ে উঠতে পারে আবেগ ও স্মৃতিতে মোড়া এক বিশেষ উপহার। গানটি নিয়ে আবেগাপ্লুত সিনেমাটির অভিনেতা অংশুমান ঝা।
চলতি বছরের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি শিল্পী।
তবে সেই শূন্যতার মাঝেই আবারও শোনা যাবে তার চেনা কণ্ঠ। জীবনের শেষ রেকর্ড করা সেই সুরের হাত ধরেই যেন আরও একবার ভক্তদের কাছে ফিরে আসবেন আশা ভোঁসলে।