Saturday, October 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩০ বছর পর নতুন আঙ্গিকে ফিরল ‘প্রেমের সমাধি’

সিনেমার গানটির দৃশ্যে অভিনয় করেছিলেন বাপ্পারাজ ও শাবনাজ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

তিন দশক আগে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘প্রেমের সমাধি’র কালজয়ী গান নতুন আঙ্গিকে ফিরেছে। এন্ড্রু কিশোরের কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটির নতুন সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘প্রেমের সমাধি ২.০’।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওসহ গানটি প্রকাশ করা হয়। মূল গানের জনপ্রিয় কোরাস অক্ষুণ্ন রেখে এতে যুক্ত করা হয়েছে নতুন কথা, সুর ও সংগীতায়োজন।

‘প্রেমের সমাধি ২.০’ গানটির নতুন কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন। ভিডিওতে তার সঙ্গে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার টাইটেল গানটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গানটির রচয়িতা দেলোয়ার জাহান ঝন্টু এবং সংগীতায়োজন করেছিলেন আনোয়ার জাহান নান্টু। সিনেমার গানটির দৃশ্যে অভিনয় করেছিলেন বাপ্পারাজ ও শাবনাজ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির জনপ্রিয় সংলাপ “চাচা, হেনা কোথায়?” নতুন করে ভাইরাল হওয়ার পর ‘প্রেমের সমাধি’ সিনেমা ও এর গান নিয়ে আবারও আগ্রহ তৈরি হয়। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার প্রকাশ করা হলো গানটির নতুন সংস্করণ।

প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের সঙ্গে বদলে যাওয়া সংগীতের স্বাদ এবং নতুন প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে কালজয়ী গানটিকে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোনো গানের আবেগ ও পরিচিত কোরাসের সঙ্গে আধুনিক সংগীতায়োজনের সমন্বয় ঘটানো হয়েছে এই সংস্করণে।

   

About

Popular Links

x