ইতালির ভেনিসে শেষ হয়েছে ৮৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির চলচ্চিত্র ‘ওম্যান আননোন’। একই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ম্যাথিল্ড আরসেল। আর ‘ওয়াইল্ড হর্স নাইন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন মালকোভিচ।
বাংলাদেশ সময় শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এবারের উৎসবের পুরস্কার ঘোষণা করা হয়। এবারের আসরে রাজনৈতিক ও মানবিক বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলোও ছিল আলোচনার কেন্দ্রে।
গোল্ডেন লায়ন জিতলো ‘ওম্যান আননোন’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কে কেন্দ্র করে নির্মিত ‘ওম্যান আননোন’ ছবিতে ম্যাথিল্ড আরসেল অভিনয় করেছেন ম্যারি চরিত্রে। তরুণী ম্যারি এক ধনী বয়স্ক ব্যক্তির বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। একপর্যায়ে তাকে বিয়ে করেন তিনি। তবে অতীতের একটি গোপন বিষয় তার নতুন জীবনের জন্য হুমকি হয়ে ওঠে।
ছবিটিতে যুদ্ধ-পরবর্তী ডেনমার্কের সমাজ, শ্রেণিবৈষম্য, নারীর অবস্থান এবং অতীতের নানা ছায়া তুলে ধরা হয়েছে। ‘ওম্যান আননোন’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেই প্রথম বড় স্বীকৃতি পেলেন আরসেল। এর আগে কোনো বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেননি তিনি।
অন্যদিকে, ছবিটি নির্মাণে এক বছরের বেশি সময় কাজ করেছেন মে এল-তুখি। প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা করে কাজ করার পাশাপাশি নিজের সঞ্চয়ের অর্থও ছবিটির পেছনে ব্যয় করেছেন তিনি।
‘নাজা’ পেল বিশেষ জুরি পুরস্কার
এবারের উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোরের তথ্যচিত্র ‘নাজা’। ছবিটি গাজা সংঘাতকে কেন্দ্র করে নির্মিত। ছবিটির প্রদর্শন শেষে দর্শকেরা ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেন। ‘নাজা’ নির্মাণ করেছেন ‘নো আদার ল্যান্ড’ ছবির নির্মাতারা।
তথ্যচিত্রটিতে গাজায় বেসামরিক মানুষদের ওপর হামলা ও হত্যাকাণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যবহৃত কথিত বিভিন্ন ব্যবস্থা ও প্রটোকল নিয়ে ২৪ জন ইসরায়েলি সামরিক কর্মকর্তার বক্তব্য রয়েছে। ‘নাজা’ নামটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সংক্ষিপ্ত রূপ থেকে এসেছে, যা বেসামরিক হতাহতের সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয় বলে জানানো হয়েছে।
সেরা অভিনেতা জন মালকোভিচ
‘ওয়াইল্ড হর্স নাইন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ৭২ বছর বয়সী জন মালকোভিচ। মার্টিন ম্যাকডোনার পরিচালিত ছবিটির গল্প ১৯৬০-এর দশকের চিলিকে ঘিরে। এতে অন্ধকারাচ্ছন্ন রসিকতার আবহে দুই বন্ধুর সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে মালকোভিচের সঙ্গে অভিনয় করেছেন স্যাম রকওয়েল।
মালকোভিচের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। বিশেষ করে চরিত্রটির তীক্ষ্ণতা ও আবেগ ফুটিয়ে তোলার জন্য প্রশংসিত হয়েছেন তিনি। তবে ভেনিসে উপস্থিত ছিলেন না মালকোভিচ। কানাডার মন্ট্রিয়েলে অন্য একটি ছবির শুটিংয়ে থাকায় ভিডিও বার্তার মাধ্যমে জুরিদের ধন্যবাদ জানান তিনি। বিশেষভাবে পরিচালক মার্টিন ম্যাকডোনা ও সহশিল্পী স্যাম রকওয়েলের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ম্যাকডোনার চিত্রনাট্য ও পরিচালনারও প্রশংসা করেন তিনি।
অন্যান্য পুরস্কার
এবারের উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে দক্ষিণ কোরিয়ার নির্মাতা লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’। সেরা পরিচালকের সিলভার লায়ন জিতেছেন ইলিয়া ক্রঝানভস্কি, ‘দাও’ ছবির জন্য।
সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন স্টেফান ব্রিজ, কোরালি আমেদেও ও অলিভিয়ের গর্স ‘এ গুড লিটল সোলজার’ ছবির জন্য। তরুণ অভিনেতার জন্য মারচেলো মাস্ত্রোইয়ান্নি পুরস্কার পেয়েছেন মালু খেবিজি, ‘এ প্লেস টু হিল’ ছবির জন্য।
প্রথমবারের নির্মাতার জন্য লুইজি দে লরেন্তিস পুরস্কার পেয়েছে অগাস্ট বার্নার কুওমোয়াংহুর ‘হাউস অব দ্য উইন্ড’। আরমানি বিউটি অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে আলিনা শেরবানের ‘আই ম্যাটার’।
এবারের উৎসবে আজীবন সম্মাননা পেয়েছেন জর্জ ক্লুনি ও এলেন বার্স্টিন।
ভেনিসে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জন্যও এসেছে সাফল্য। রুবাইয়াত হোসেনের লেখা ও পরিচালনায় নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার ‘বিসাতো দ’ওরো’ পেয়েছে।
মূল প্রতিযোগিতার পুরস্কার ঘোষণার আগেই এই স্বীকৃতি পায় ছবিটি। ভেনিস উৎসবের ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এ বছর এই বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ছবিটিকে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও পর্তুগালের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ছবিটির প্রযোজক ফ্রাঁসোয়া দারতেমার।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর শুরু হয়েছিল ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ৮৩তম আসর। বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত এই আয়োজনের এবারের আসরও শেষ হলো নানা পুরস্কার ও আলোচনার মধ্য দিয়ে।