প্রেম বা বিরহ নিয়ে নাটক, চলচ্চিত্র কিংবা ওয়েব ফিল্মের কোনো অভাব নেই। কিন্তু বিয়ের পর একটা যুগলের জীবনে আসলে কী ঘটে, সেই ‘বিবাহিত জীবন’ নিয়ে পর্দায় গল্প খুব একটা দেখা যায় না। সেই চিন্তা থেকেই তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ‘হ্যাপিলি ম্যারিড’।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে চরকির এই নতুন অরিজিনাল ফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
সেখানে ঢালিউড তারকা আরিফিন শুভ ছোট পর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন।
প্রিমিয়ার শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হন আরিফিন শুভ। এসময় সাংবাদিকরা জানতে চান- বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ বা উপায় আসলে কী? হাসিমুখেই শুভ উত্তর দেন, “ম্যারিড লাইফে হ্যাপি থাকার রেসিপি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একবার করে ‘হ্যাপিলি ম্যারিড’ দেখতে হবে। শুক্রবার দিন সকালবেলা উঠে এটি একবার করে দেখতে হবে, তাহলেই হ্যাপি ম্যারিড থাকতে পারবেন।”
এসময় সহশিল্পী কেয়া পায়েল ও অন্যান্য কলাকুশলীদের প্রসঙ্গে তিনি জানান, ক্যামেরার পেছনের মানুষসহ পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। সবাই মিলে অনেক কষ্ট করলেও কাজটিতে তারা বেশ আনন্দ পেয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। পরে, জানা যায়, সেটি মূলত এই সিনেমারই প্রচারণার অংশ ছিল।