পেরুর রাজধানী লিমায় নিজেদের ‘অ্যারিরাং’ ট্যুরের অংশ হিসেবে সফল কনসার্ট সম্পন্ন করেছে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস।
লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই তিনটি কনসার্টে অংশ নিয়েছেন মোট ১ লাখ ৫১ হাজার ৫০০ দর্শক। ভক্তদের তুমুল চাহিদার কারণে অতিরিক্ত একটিসহ মোট তিনটি শো সফলভাবে সম্পন্ন করেছে ব্যান্ডটি।
‘অ্যারিরাং’ ট্যুরের অংশ হিসেবে গত ৭, ৯ ও ১০ অক্টোবর লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে কনসার্ট করে দলটি।
কনসার্টজুড়ে প্রিয় দলের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন ভক্তরা। উচ্ছ্বাস আর করতালিতে মুখর ছিল স্টেডিয়াম। সদস্যরাও কয়েকবার স্প্যানিশ ভাষায় কথা বলেন।
বিটিএসের এক সদস্য জিমিনের জন্মদিন ১৩ অক্টোবর। লিমায় কনসার্টের সময় তাকে ঘিরে বিশেষ আয়োজন করেন ভক্তরা। কনসার্টে আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদ্যাপনের আলাদা ব্যবস্থা না থাকলেও শহরজুড়ে ছিল নানা উদ্যোগ।
জিমিনকে শুভেচ্ছা জানাতে ডিজিটাল বিলবোর্ড, সড়কের ব্যানার ও এলইডি পর্দাসংবলিত ট্রাকের আয়োজন করেন ভক্তরা। ছিল ড্রোন শোও। রাতের আকাশে ড্রোনের আলোয় ফুটে ওঠে জিমিনের নাম, জন্মদিনের ছবি ও একটি বার্তা-‘আমরা সব সময় তোমার পাশে থাকব।’
জিমিন বলেন, ‘‘তোমরা যেভাবে আমাদের স্বাগত জানিয়েছ এবং যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছ, তাতে আমি গভীরভাবে আপ্লুত। পৃথিবীর অন্য প্রান্ত থেকে তোমরা যে এত ভালোবাসা পাঠিয়ে আসছ, তা আমি সব সময় মনে রাখব।’’
ব্যান্ডটি ১৪, ১৬ ও ১৭ অক্টোবর সান্তিয়াগো (চিলি)-তে কনসার্টের মাধ্যমে তাদের দক্ষিণ আমেরিকান সফর অব্যাহত রাখবে। এরপর তারা বুয়েনস আইরেস (আর্জেন্টিনা) এবং সাও পাওলো (ব্রাজিল )-এ প্রোগ্রাম করবে।