নব্বইয়ের দশকে বাংলা ব্যান্ড সংগীতের তুমুল জনপ্রিয় দুই নাম জেমস ও হাসান। তাদের গান নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনতে উন্মুখ থাকতেন শ্রোতারা, আর কনসার্টে তাদের উপস্থিতি মানেই ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।
অসংখ্য তরুণের কাছে রীতিমতো ক্রেজ ছিলেন জেমস ও হাসান। তাদের গান, গায়কী আর মঞ্চ মাতানো পারফরম্যান্সে বুঁদ হয়ে থাকতেন ভক্তরা। দীর্ঘদিন পর একই মঞ্চে এই দুই শিল্পীকে দেখার সুযোগ তৈরি হওয়ায় নব্বইয়ের দশকের সেই উন্মাদনা আবারও ফিরে আসার প্রত্যাশা করছেন সংগীতপ্রেমীরা।
আগামী ২৩ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় বসছে রক সংগীতের জমজমাট আসর। আর ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই কনসার্টেই পারফর্ম করবেন নগর বাউলের জেমস ও আর্কের হাসান।
তাদের পাশাপাশি মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় আরও কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পী।
আয়োজক অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টে অংশ নেবে নগর বাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। এ ছাড়া গিটারিস্ট অনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। একক পরিবেশনাতেও দেখা যাবে তাকে। অনুষ্ঠানে পারফর্ম করবেন এ কে রাহুলও।
তবে এবারের আয়োজন ঘিরে মূল আগ্রহের কেন্দ্রে রয়েছেন জেমস ও হাসান। বাংলা রক সংগীতের দুই স্বতন্ত্র কণ্ঠ হিসেবে দীর্ঘদিন ধরেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারা। তাদের গান শুধু বিনোদনের মাধ্যমই ছিল না, বরং একটি প্রজন্মের আবেগ, তারুণ্য ও স্মৃতির সঙ্গেও জড়িয়ে আছে। তাই একই মঞ্চে এই দুই শিল্পীর উপস্থিতি পুরোনো দিনের ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।
কনসার্ট আয়োজনের প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। গত সোমবার থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে শুরু হয়েছে আগাম টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
২০২২ সালে যাত্রা শুরু করে ‘রক এন রিদম’ কনসার্ট সিরিজ। প্রথম আসরের পর ২০২৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ও তৃতীয় আসর। ২০২৪ সালে আয়োজন করা হয় চতুর্থ আসর। আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবার পঞ্চম আসরকে আরও বড় পরিসরে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা।
বাংলাদেশের রক ও মেটাল সংগীতের শিল্পী এবং শ্রোতাদের মধ্যে সংযোগ বাড়ানোই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবার এক মঞ্চে একাধিক জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি জেমস ও হাসানের উপস্থিতি কনসার্টটিকে ঘিরে বাড়তি প্রত্যাশা তৈরি করেছে।