শারদীয় দুর্গোৎসবে দুরন্ত টিভির বিশেষ আয়োজন

শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন অনুষ্ঠানমালা সম্প্রচার করবে দুরন্ত টেলিভিশন। গল্পে, রঙে, আনন্দে ভরপুর দুরন্তর এ আয়োজনে থাকছে বিশেষ নাটক, রান্না নিয়ে অনুষ্ঠান, শারদীয় আড্ডা, মঙ্গলালোকে, শুভ বিজয়া ও গানের অনুষ্ঠান। 

‘হৈ হৈ হল্লা’

একটি বাড়ি, সেই বাড়ির পাঁচটি ফ্ল্যাটে থাকে ভিন্ন ভিন্ন ধর্মের পাঁচটি পরিবার। পরিবারগুলো সব উৎসব একসাথে পালন করে। দুর্গাপূজাকে ঘিরে বাড়িতে উৎসব শুরু হয়। উৎসবে বাড়ির শিশুরা একটি মঞ্চ নাটকের আয়োজন করে। নাটক করতে গিয়ে ঘটে মজার সব কাণ্ড। সেইসব মজার ঘটনা নিয়ে দুরন্ত টিভির দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। 

‘হৈ হৈ হল্লা’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্র্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, রাঈদা ঋ জুনি, কাওসার বিন মামুন এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন - আবুল হায়াত, শাহানাজ খুশী ও আরো অনেকে। নাটকটি দেখা যাবে ১৯ অক্টোবর (অষ্টমী), ২০ অক্টোবর (নবমী) ও ২১ অক্টোবর (দশমী) দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে। 

‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’

শারদীয় দুর্গাপূজায় বিশেষ রান্না নিয়ে আসছে ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’। অনুষ্ঠানটিতে একজন শিশু তার মা অথবা বাবাকে সাথে নিয়ে আসে। পূজা উপলক্ষে তারা বিভিন্ন মজাদার খাবার তৈরি করে, আর মজার মজার সব গল্প করে সময় কাটায়। 

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে অষ্টমীতে গৃহী সাহা ও তার মা, নবমীতে শ্রীনিধি সরকার রাধিকা ও তার বাবা এবং দশমীতে পূর্ণা আনন্দিতা ও তার মা। 

‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’ পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা ও সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৯ অক্টোবর (অষ্টমী), ২০ অক্টোবর (নবমী) ও ২১ অক্টোবর (দশমী), দুপুর ১টায় ও সন্ধ্যা ৭টায়। 

‘শারদীয় আড্ডা’

দুরন্ত টিভির দুর্গাপূজার বিশেষ অনুষ্ঠান ‘শারদীয় আড্ডা’। শিশুদের সাথে তাদের দিদার গল্পে উঠে আসবে একাল সেকালের পূজার নানান মজার গল্প। শিশুশিল্পী হিসেবে আছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ। দিদা চরিত্রে দেখা যাবে বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। 
অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে দেখা যাবে ১৯ অক্টোবর (অষ্টমী) দুপুর ১২টায়। 

‘মঙ্গলালোকে’ 

শারদীয় দুর্গাপূজার বিশেষ আয়োজনে দুরন্ত টিভিতে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’। অনুষ্ঠানটিতে থাকবে নৃত্য সংগঠন ‘কল্পতরু’র নৃত্যশিল্পী - রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাম শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রয়সহ আরো অনেকে। 
অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে দেখা যাবে ২০ অক্টোবর (নবমী) দুপুর ১২টায়। 

‘শুভ বিজয়া’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘শুভ বিজয়া’। অনুষ্ঠানটিতে শিশুশিল্পী বর্ণমালা, কথা ও সমৃদ্ধ-এর সাথে পূজার নানান মজার গল্প করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। 

পার্থ প্রতিম হালদারের পরিচালনায় ‘শুভ বিজয়া’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ২১ অক্টোবর (দশমী), দুপুর ১২টায়।

‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুরন্ত টিভির আয়োজনের মধ্যে থাকছে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’-এর বিশেষ পর্ব ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’। এই পর্বে শিশুদের সাথে গান গাইবেন সঙ্গীতশিল্পী দেবলীনা সুর, চম্পা বণিক আর আবিদা সুলতানা। 

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। পূজার এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ২১ অক্টোবর (দশমী) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।