আগামী ২৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে, জনপ্রিয় শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভি’র ৩৭তম সিজন।
এই সিজনে থাকছে নতুন কার্টুন সিরিজ ‘চিপ অ্যান্ড পটেটো’ ও ‘দ্য স্নুপি শো’, নতুন সিনেমা ‘স্ট্রবেরি শর্টকেক’স স্প্রিং স্পেকট্যাকুলার’, ‘স্ট্রবেরি শর্টকেক’স সামার ভেকেশন’, ‘স্ট্রবেরি শর্টকেক অ্যান্ড দ্য বিস্ট অফ বেরি বগ’ ও ‘স্ট্রবেরি শর্টকেক’স পারফেক্ট হলিডে’। এর পাশাপাশি নিয়মিত নাটক, অনুষ্ঠান ও কার্টুন সিরিজসহ থাকছে নানা আয়োজন।
নতুন কার্টুন সিরিজ ‘চিপ অ্যান্ড পটেটো’
চিপ পাঁচ বছরের মেয়ে এক, প্রাণবন্ত, হাসি-খুশি, চঞ্চল ও বন্ধুসুলভ। পটেটো নামে আছে ওর এক বন্ধু। চিপ ছাড়া সবাই পটেটোকে একটা খেলনা ইঁদুর ভাবে। কিন্তু পটেটো কথা বলতে পারা এক জ্যান্ত ইঁদুর। চিপ কোনো সমস্যায় পড়লে সে তাকে বুদ্ধি বাতলায়। চিপ আর পটেটোর মজার সব গল্প নিয়ে নতুন কার্টুন সিরিজ ‘চিপ অ্যান্ড পটেটো’।
কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম ও ইন্দ্রাণী ঘটক। দুরন্ত টিভিতে কার্টুন সিরিজটি প্রচারিত হবে ২৫ অক্টোবর, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টায়, বিকাল ৩টায় ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
নতুন কার্টুন সিরিজ ‘দ্য স্নুপি শো’
স্নুপি এক চঞ্চল কুকুরছানা। তার মাথায় সারাক্ষণ দুষ্টুমি বুদ্ধি। চার্লি তাকে নিয়ে এসেছে দূরের এক খামার থেকে। স্নুপির প্রিয় বন্ধু ও দুষ্টুমির সঙ্গী একটা পাখির ছানা, উডস্টক। চার্লির বন্ধুদের সাথেও স্নুপি আর উডস্টকের বন্ধুত্ব। তারা সবাই একসাথে খেলে আর অদ্ভুত কাল্পনিক সব অভিযানে মেতে ওঠে। স্নুপি কখনও ডাক্তার হয়, কখনও ছাত্র আবার কখনও লেখক। স্নুপি, উডস্টক, চার্লি ও তার বন্ধুদের মজার মজার গল্প নিয়ে নতুন কার্টুন সিরিজ ‘দ্য স্নুপি শো’।
কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ আহমেদ ও শরীফ হাসান চৌধুরী। দুরন্ত টিভিতে কার্টুন সিরিজটি প্রচারিত হবে ২৫ অক্টোবর, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে, বিকাল ৩টা ৩০ মিনিটে ও রাত ৮টায়।
সবার বন্ধু টোটন
‘সবার বন্ধু টোটন’ দুষ্টু মিষ্টি, একটু বোকা, একটু অলস আর দারুণ কৌতূহলী টোটনের গল্প। এ গল্পে টোটনের আলসেমি, দুষ্টুমি আর খানিকটা বোকামির সাথে আছে ওর মা-বাবা-বোন, নানা-নানি, দাদা-দাদি। আর আছে ওর স্কুলের ও স্কুলের বাইরের অনেক মজার মজার বন্ধুরা। একশো টন উল্টাপাল্টা বুদ্ধি, হাজারো প্রশ্ন আর একটু বোকামি নিয়ে টোটন নিয়মিত ঘটায় নানা এলোমেলো কাণ্ড!
দুরন্ত টিভির নিজেদের প্রযোজনায় তৈরি দ্বিতীয় অ্যানিমেশন সিরিজ ‘সবার বন্ধু টোটন’ নিয়মিত প্রচারিত হয় প্রতি শুক্র ও শনিবার দুপুর ১টায়, বিকাল ৪টায় ও রাত ৮টায়।
অল্প স্বল্প গল্প কথা
নানান দেশের নানান রূপকথার গল্প নিয়ে অনুষ্ঠান ‘অল্প স্বল্প গল্প কথা’। প্রতি পর্বে থাকছে তিন কৌতূহলী বন্ধু, এক প্রাণবন্ত আপু আর পাপেট গ্র্যানি। বন্ধুদের গল্প বলার সঙ্গী হবেন গ্র্যানি, যিনি তার গল্পের ঝুলি থেকে শোনাবেন পৃথিবীর নানান দেশের মজার সব রূপকথার গল্প। গ্র্যানির জাদুকরী বর্ণনায় আমরা কল্পনায় ডানা মেলে পৌঁছে যাবো সেসব দেশে।
‘অল্প স্বল্প গল্প কথা’ পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা। অনুষ্ঠানটিতে অভিনয় করেছেন মানসুরা মুবাশ্বিরা, শ্রেয়া মন্ডল, সঞ্জীব কুমার সাহা, আহমেদ মাবরুর খান, জাঈমা জান্নাত জারা, জাররার সুফিয়ান নেহান এবং তাসবিহা আয়ান তানহা। দুরন্ত টিভিতে ‘অল্প স্বল্প গল্প কথা’ প্রচারিত হবে ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে।
দি ইংলিশ ক্লাব
দুরন্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘দি ইংলিশ ক্লাব’। এই অনুষ্ঠানটি তৈরি হয়েছে শিশুদের একটি ক্লাবের আদলে। এই ক্লাবের শিশুরা খেলাধুলা, ছবি আঁকা, নাচ-গান ও আনন্দের মধ্য দিয়ে সহজে ইংরেজি শেখে। শিশুদের সাথে থাকেন তিনজন আপুমনি। এছাড়াও এই ক্লাবে আছে পিংকি ও টিংকু, যারা নানান মজার কাণ্ড করে শিশুদের আনন্দে মাতিয়ে রাখেন।
‘দি ইংলিশ ক্লাব’ নির্দেশনা দিয়েছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৫ অক্টোবর, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৯টায়।
অন্যান্য আয়োজন
৩৭তম সিজনে আরো দেখা যাবে দুরন্ত টিভি’র জনপ্রিয় নাটক ‘টুমলু’ , ‘এমিল ও তার গোয়েন্দারা’, ‘পিকলু অ্যান্ড পাই’ ও ‘রাঁধিবাড়ি খাইদাই-সিজন ০২’, শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিসিমপুর - সিজন ১৬’, কার্টুন সিরিজ ‘মীয়া অ্যান্ড মি’, ‘চওঘণ ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক’, ‘কিউ পুটল ৫’, ‘কোকোনাট দ্য লিটল ড্রাগন’, ‘রাস্টি নাইট’, ‘দ্য স্মার্ফস’, ‘ল্যাসি - সিজন ২’, ‘স্পেস নোভা’, ‘ভিক দ্য ভাইকিং’, ‘১০০% উলফ - লিজেন্ড অফ দ্য মুনস্টোন’। এর পাশাপাশি থাকছে যোগ ব্যায়াম নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘দুরন্ত সময় - সিজন ৩’, গল্প বলার অনুষ্ঠান ‘গল্প শেষে ঘুমের দেশে - সিজন ২’, ‘রঙ বেরঙের গল্প - সিজন ৬’, ‘কাট্টুস কুট্টুস’ এবং ক্র্যাফটিং নিয়ে অনুষ্ঠান ‘দি আর্ট রুম’।