বিরতির পর নতুন গান নিয়ে আসছেন অরিজিৎ 

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরিজিৎ সিং। তখন তার অসংখ্য ভক্ত বিস্মিত হয়ে পড়েন এবং বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়। তবে এবার কিছুদিনের বিরতীর পর নতুন গান নিয়ে আসছেন তিনি। বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় গান গেয়েছেন অরিজিৎ । 

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ২ নভেম্বর, অভিনেতার ৬১তম জন্মদিনেই মুক্তি পেতে পারে ‘কিং’-এর সেই প্রথম গান। 

যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ছবির ট্রেলার অবশ্য আরও পরে প্রকাশ করা হবে বলে খবর। 

শাহরুখের আগামী ছবি ‘কিং’ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এ বার সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিল ছবির প্রথম গান প্রকাশের খবর। ফলে শাহরুখ ও অরিজিতের জুটি ফের পর্দায় ফিরছে, এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা। 

এর আগে, সেপ্টেম্বর মাসে অনুরাগীদের সঙ্গে এক্স-এ প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন শাহরুখ। সেখানে এক অনুরাগী ‘কিং’-এর গান প্রকাশের অনুরোধ করেন। উত্তরে অভিনেতা জানান, অরিজিৎ সিং গানটির শেষ মুহূর্তের কাজ করছেন। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসি এবং অভয় বর্মাকে। এই ছবির অন্যতম আকর্ষণ শাহরুখ ও তার মেয়ে সুহানার প্রথম পর্দার জুটি। 

আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।