জন্মদিনে প্রকাশ্যে এলো শাহরুখের ‘কিং’ সিনেমার গান 

এবারো নিজের জন্মদিনে ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ৬১তম জন্মদিনের প্রথম প্রহরেই প্রকাশ্যে এসেছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’। 

রবিবার (১ নভেম্বর) রাতে জনপ্রিয় সঙ্গীত প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত রোমান্টিক এই গানের ভিডিওতে দেখা যায়, শাহরুখের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন। আর গানটিতে বিশেষ চমক হিসেবে যুক্ত হয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। 

শচীন-জিগার জুটির সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে কোটি ভিউ পার করেছে গানের ভিডিওটি। 

বিদেশের বিভিন্ন আলোচিত মনোরম লোকেশনে দেখা গেছে শাহরুখ ও দীপিকাকে। দুজনের রসায়ন, রোমান্টিক মুহূর্ত আর ছন্দময় নাচে জমে উঠেছে পুরো আয়োজন। তবে শুধু প্রেম নয়, গানের দৃশ্যজুড়ে রয়েছে রক্তপাত, সংঘর্ষ ও স্টাইলিশ অ্যাকশনের ঝলক। তাতে সিনেমার মূল গল্পের রহস্যময় এক মিশনেরও ইঙ্গিত মিলেছে। 

পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘কিং’। এতে শাহরুখ ও দীপিকার সঙ্গে আরও থাকছে শাহরুখকন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও অভয় ভার্মা। এ ছাড়া বিশেষ একটি নাচের গানে দেখা যাবে কারিনা কাপুরকে। 

আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’ সিনেমাটি।