আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়া, প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের রেশ কাটতে না কাটতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষায় পোস্ট দিয়ে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আদালত চত্বরের ঘটনার পর ফেসবুক পেজে মাত্র দুটি শব্দের একটি আক্রমণাত্মক পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও ভাঙচুরের মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। তবে আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার সময় তাকে কেউ ‘ব্যাড টাচ’ করেছেন বলে অভিযোগ তোলেন এই অভিনেত্রী। এ নিয়ে আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, এ সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন পরীমণি। এমনকি তার সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সংবাদকর্মীদের ওপর চড়াও হন।
এই ঘটনার কিছুক্ষণ পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কেবল ‘দুটি শব্দ’ ব্যবহার করে একটি আপত্তিকর ও আক্রমণাত্মক স্ট্যাটাস দেন পরীমনি। যদিও ওই পোস্টে তিনি সুনির্দিষ্ট করে কাউকে বা কোনো পক্ষকে উদ্দেশ্য করেননি, তবে পোস্টের সময় ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নেটিজেনরা মনে করছেন, মূলত গণমাধ্যমকর্মী বা তার সমালোচকদের উদ্দেশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা।
পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। একজন জনপ্রিয় তারকার এমন আক্রমণাত্মক ভাষা ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।