স্পেনে চলচ্চিত্র পুরস্কার পেলো ‘রইদ’ ও ‘দেলুপি’

বাংলাদেশের পর এবার বিদেশের মাটিতেও প্রশংসা কুড়াচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ও মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ সিনেমা দুটি। স্পেনের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় পুরস্কার জিতেছে বাংলাদেশের এই দুই সিনেমা। 

স্পেনের চলচ্চিত্র উৎসবের এবারের আসরে অফিশিয়াল সিলেকশন বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে রইদ। এই সাফল্যে উচ্ছ্বসিত সিনেমাটির কলাকুশলীরা। 

এর আগে, কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কার জিতেছিল সিনেমাটি। উল্লেখ্য, আগামী বছর অনুষ্ঠেয় অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রইদ। 

রইদ সিনেমায় কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম দিয়ে রইদের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল। পরে গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। 

অন্যদিকে, এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় আদার ন্যারেটিভ বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার জিতেছে দেলুপি। এখন পর্যন্ত দেশের বাইরের ১০টি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। এটি দেলুপির দ্বিতীয় আন্তর্জাতিক স্বীকৃতি। 

এর আগে, উত্তর আমেরিকার তাসভীর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জেতেন দেলুপির অভিনেতা চিরনজিৎ বিশ্বাস। সিনেমাটি গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। 

দেলুপি বানিয়েছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। সিনেমাটিতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম এবং জীবন বদলানোর গল্প তুলে ধরা হয়েছে। এর অভিনয়শিল্পীরা সবাই খুলনার স্থানীয় বাসিন্দা।