ড্যানিয়েল ক্রেগের পর এবার পর্দায় জেমস বন্ড হয়ে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে। সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলনভ।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে অ্যামাজনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ভ্যারাইটিতে প্রকাশিত এক বিবৃতিতে প্যাটিনসন বলেন, “জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তী চরিত্র এবং ০০৭ এর দায়িত্ব পাওয়া জীবনের শ্রেষ্ঠ সম্মান।”
তিনি বলেন, “আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এই ভূমিকা পাওয়া যে আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো, তা বলে বোঝানো যাবে না।”
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ ছবির মধ্য দিয়ে ক্রেইগের ১৫ বছরের যাত্রা শেষ হওয়ার পর এই চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক জল্পনা-কল্পনা ছিল।
এরপর মে মাসে অ্যামাজন এমজিএম স্টুডিওস বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ নেওয়ার পর কাস্টিং প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা দেয়।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে বন্ড ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে ছিলেন বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসন। গত বছর সেটি যায় অ্যামাজন এমজিএম স্টুডিওসের কাছে। ২০২১ সালে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নেন ক্রেগ।
গত আগস্টে জেমস বন্ডের প্রযোজক অ্যামি প্যাসকেল বলেছিলেন, ‘আমরা খুব, খুব পরিকল্পিতভাবে এগোচ্ছি। স্টুডিওতে বারবারা ব্রকোলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, ড্যানিয়েল ক্রেগের পর দায়িত্ব নেওয়া সহজ হবে না। এমন কিছু করতে হবে, যা সত্যিই ভিন্ন, উদ্দীপনাময়, রোমাঞ্চকর ও ব্যতিক্রমী।’
২৬তম বন্ড সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন রবার্ট প্যাটিনসন, নিকোলাস হল্ট, ক্যালাম টার্নার, জ্যাক লোডেন ও জশ ও’কনর। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্রেগ অভিনিত ‘নো টাইম টু ডাই’ বিশ্বজুড়ে ৯০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। ‘জেমস বন্ড’ শুধু জনপ্রিয় সিনেমার নায়ক নয়, ব্রিটিশ সংস্কৃতিরও অন্যতম পরিচিত প্রতীক। ১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে শন কনারি প্রথম জেমস বন্ড হিসেবে পর্দায় আসেন। এ পর্যন্ত মাত্র ছয়জন অভিনেতা চরিত্রটিতে অভিনয় করেছেন।