টেলিভিশনের পর্দায় তাকে দর্শক চিনেছেন ‘বিশু’ নামে। মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’-এ এই চরিত্রে অভিনয় করেই পেয়েছিলেন ব্যাপক পরিচিতি। একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করে টেলিভিশন নাটক, ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠা অভিনেতা সোহেল খান আর নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন তিনি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
মৃত্যুর আগে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহেল খান। গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
অভিনেতা সোহেল খানের পর্দায় যাত্রা শুরু হয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তাঁর।
তবে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয় রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’। এতে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পান তিনি। এরপর ‘হাউসফুল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও দেখা গেছে তাকে। এ ছাড়া তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’। একক নাটক, ধারাবাহিক ও টেলিফিল্ম- বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি; তবে তাঁর অভিনীত সব নাটকের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ্যে পাওয়া যায়নি।
টেলিভিশনে পরিচিতি পাওয়ার পর চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন সোহেল খান। পার্শ্বচরিত্রে অভিনয় করলেও স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে দর্শকের নজর কেড়েছেন। চলচ্চিত্রের তথ্যভান্ডার বাংলা মুভি ডেটাবেজে তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘বউয়ের জ্বালা’ (২০০৭); ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০); ‘প্রজাপতি’ (২০১১); ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’ (২০১২); ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘এর বেশী ভালোবাসা যায় না’, ‘আয়না কাহিনী’ (২০১৩); ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘তারকাঁটা’, ‘কি দারুন দেখতে’ (২০১৪); ‘পরবাসিনী’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘টু বি কন্টিনিউড...’ (২০১৭); ‘লিডার’ (২০১৮); ‘বীর’ (২০২০); ‘কেমনে কী!’, ‘প্রিয় কমলা’, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ (২০২১); ‘শান’ (২০২২) এবং ‘জংলি’ (২০২৫)।
দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে কখনো হাস্যরসাত্মক, কখনো নেতিবাচক কিংবা গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে পর্দায় হাজির হয়েছেন সোহেল খান। ‘৪২০’ নাটকের বিশু চরিত্রের পাশাপাশি ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে গ্যারেজের মালিকের চরিত্রে দেখা গিয়েছিল তাকে।