চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২

শপথ নিলেন জায়েদ খান

অনেক নাটকীয়তার পর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো শপথ বাক্য পাঠ করলেন জায়েদ খান। সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন এই শপথ বাক্য পাঠ করান।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে বিএফডিসি প্রাঙ্গনে এই শপথ অনুষ্ঠান হয়। এসময় আরও শপথ নেন মিশা-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস।

শপথগ্রহণ শেষে সবাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জায়েদ খান। সভাপতি ইলিয়াস কাঞ্চনের অনুমতি সাপেক্ষে সাধারণ সম্পাদক হিসেবে তাদেরকে অভিবাদন জানিয়েছেন এ নায়ক।

এর আগে, গত ২ মার্চ শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট।

যদিও এই রায়ের বিরুদ্ধে এরমধ্যে আপিল করেছেন নিপুণ।

প্রসঙ্গত, টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে। পরে ৭ ফেব্রুয়ারি আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যুথি।

পরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। সেই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মামলার বিবাদীদের এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।

পরদিন ৮ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। পরবর্তীতে গত ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত।

১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণের শুনানি শেষে নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ওপর চেম্বার আদালতের স্থিতিবস্থা ও স্থগিতাদেশও বহাল রেখেছেন আপিল বিভাগ।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। এটা ছিল তার টানা তৃতীয়বারের জয়। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। টাকা দিয়ে ভোটও নাকি কিনেছেন। এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন নিপুণ। লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। আপিল বোর্ড বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জানায়। এরপরই বোর্ডকে বিষয়টির সুরাহা করার দায়িত্ব দেয় মন্ত্রণালয়। আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করলে শপথ নেন নিপুণ।