আদালতের পুরোনো কাগজ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করে জায়েদ খান প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। একই সঙ্গে জায়েদ খানের শপথ গ্রহণকে অবৈধও ঘোষণা করেছেন তিনি।
সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সমিতির নবনির্বাচিত সভাপতি এ মন্তব্য করেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, “৯ ফেব্রুয়ারি কোর্টের কাগজ দেখিয়ে শপথ নেয় জায়েদ খান। নতুন কোনো কাগজ দেখাতে পারেনি৷ তড়িঘড়ি করে শুক্রবার (৫ মার্চ) শপথ পড়িয়েছি। সে শিল্পী সমিতির সঙ্গে, সভাপতির সঙ্গে প্রতারণা করেছে। একইসঙ্গে মিডিয়ার সঙ্গেও ছলনা করেছে। তার শপথ গ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম।”
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতায় জায়েদ খান ও তার প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা নিপুণ আক্তার উভয়কেই এই পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করা হয়েছে। আদালতের এ নির্দেশের কারণে জায়েদ কিংবা নিপুণের কারোরই সাধারণ সম্পাদকের চেয়ারে বসা হচ্ছে না।
গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক অনুপস্থিত থাকলে তার দায়িত্ব পালন করেন সহসাধারণ সম্পাদক। তাই শিল্পী সমিতিতে আপাতত কোনো সাধারণ সম্পাদক না থাকায় ওই পদে দায়িত্ব পালন করবেন নায়ক সাইমন সাদিক।
এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সমিতির সভাপতি বলেন, “পরবর্তীতে মিটিং ডেকে সাইমনের সাধারণ সম্পাদক হওয়ার বিষয়টি পাশ করা হবে। যতদিন পর্যন্ত জায়েদ-নিপুণের সেক্রেটারি পদ আদালত থেকে প্রক্রিয়াধীন থাকবে, ততোদিন গঠনতন্ত্র অনুযায়ী সবার সঙ্গে কথা বলে সাইমন সাদিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।”
এদিকে, সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে সাইমন সাংবাদিকদের বলেন, “এখনও তো দায়িত্ব পাইনি। দায়িত্ব আসুক তখন কথা বলা যাবে।”