সিয়াম-ইমরানের অর্জনে উচ্ছ্বসিত ফারিয়া

শেষ হলো “জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০”-এর আসর। বুধবার (২৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে পুরস্কার তুলে দেওয়া হয় চলচ্চিত্র অঙ্গনের সেরাদের হাতে।

এ বছর “বিশ্বসুন্দরী” চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা নায়কের পুরস্কার পেয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। অন্যদিকে, একই চলচ্চিত্রের জন্য সেরা সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহমুদুল হক ইমরান।

তরুণ দুই তারকার পুরস্কার প্রাপ্তিতে দারুণ আনন্দিত অভিনেত্রী শবনম ফারিয়া। দুই বন্ধুর এই অর্জনে তাদেরকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফারিয়া লিখেছেন, “আমার দুই বন্ধু সিয়াম আর ইমরান আজকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল। আমি সত্যিই গর্বিত। আগে দেখতাম ‘এই আপু, সেই ভাইয়া’ পুরস্কার পাচ্ছেন, এখন নিজেদের বন্ধুরা পাচ্ছে, কি আনন্দ!”

প্রথমবার রাষ্ট্রীয় সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত ইমরান জানান, “আমার শ্রোতাদের ভালোবাসার প্রতিফল এই পুরস্কার।”

অন্যদিকে, ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সিয়াম জানান, “এই পদকপ্রাপ্তি আমার জন্য অনেক বড় স্বীকৃতি। সবার ভালোবাসার স্বীকৃতিও এটি।”