মৃত্যুর এক সপ্তাহ পর প্রকাশ পেল কেকে’র নতুন গান (ভিডিও)

গত সপ্তাহে কলকাতার নজরুলমঞ্চে কনসার্ট শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতীয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। যিনি ভক্তদের কাছে কেকে নামে বেশি পরিচিত। কেকে’র মৃত্যুতে শোকস্তব্ধ তার ভক্তরা।

তবে, এই গায়কের মৃত্যুর মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই ভক্তদের জন্য তার আরও এক সৃষ্টি। ইউটিউবে প্রকাশ হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের “শেরদিল: দ্য পিলিভিট সাগা” ছবির “ধুপ পানি বেহনে দে” শিরোনামের গানটি।

সোমবার (৬জুন) গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এটির ভিউ হয়েছে সাড়ে তিন লাখ। 

জানা গেছে, এটিই কেকে’র রেকর্ড করা শেষ গান।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত “শেরদিল: দ্য পিলিভিট সাগা” ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরজ কবি, সায়নী গুপ্ত।

উল্লেখ্য, গত ৩১ মে কলকাতার গুরুদাস কলেজে নজরুলমঞ্চে গান গেয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে ফেরেন কেকে। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র ৫৩ বছর বয়সেই সেদিন থেমে গিয়েছিল বলিউডের অন্যতম খ্যাতনামা গায়কের কণ্ঠ।