যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম “হুলু”র জন্য প্রথমবারের মতো বাংলাদেশি কনটেন্ট তৈরি করেছেন নুহাশ হুমায়ূন। এ খবর আগেই জানা গিয়েছিল। এবার জানা গেলো সেই কনটেন্টের নাম।
হুলুর অ্যানথোলজি সিরিজ “বাইট সাইজ হ্যালোইন”–এর তৃতীয় মৌসুমের একটি পর্ব হিসেবে “ফরেনার্স অনলি” নামের কনটেন্টটি নির্মাণ করেছেন নুহাশ। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের বানানো ১৫–২০ মিনিট দৈর্ঘ্যের ২০ পর্ব দিয়ে সাজানো হয়েছে সিরিজটি। পুরো সিরিজ হুলুতে আসবে আগামী ১ অক্টোবর। “ফরেনার্স অনলি”র দৈর্ঘ্য ১৫ মিনিট।
ফেসবুকে এটির পোস্টার প্রকাশ করেছেন এ নির্মাতা।
জানা গেছে, “ফরেনার্স অনলি”র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও মোস্তফা মন্ওয়ার।
কনটেন্টের গল্প নিয়েও খানিকটা ধারণা দিয়েছেন নুহাশ হুমায়ূন। এ প্রসঙ্গে সংবাদমাধ্যম গণমাধ্যমকে তিনি বলেন, “গুলশান, বনানী এলাকায় কিছু বাসা শুধু বিদেশিদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়, দেশিরা গেলে ভাড়া পান না। এই বিষয় নিয়েই কনটেন্টটি নির্মাণ করেছি।”
বাংলা ও ইংরেজি ভাষায় কনটেন্টেটি নির্মাণ করা হয়েছে।তবে বাংলাদেশে হুলুর আনুষ্ঠানিক কার্যক্রম না থাকায় এ দেশ থেকে কনটেন্টটি দেখার সুযোগ নেই।
এর আগে ভারতীয় প্ল্যাটফর্মে বাংলাদেশের কনটেন্ট মুক্তি পেলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্মের মুক্তি পাচ্ছে বাংলাদেশি কনটেন্ট।
ফেসবুকে পোস্টার প্রকাশ করেছেন এ নির্মাতাএ বছরের মাঝামাঝি হলিউডের দুই এজেন্সি অ্যানোনিমাস কনটেন্ট ও ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির (সিএএ) সঙ্গে নুহাশের চুক্তি হয়েছিল। এজেন্সির মাধ্যমেই হুলুর কাজটিতে হাত দিয়েছিলেন তিনি। পরিচালনার পাশাপাশি কনটেন্টটির চিত্রনাট্যও করেছেন নুহাশ।
বাংলাদেশি অভিনয়শিল্পীদের নিয়ে বাংলাদেশেই প্রজেক্টটির দৃশ্যধারণ করা হয়েছে। ইতিমধ্যে হুলুর কাছে তা পাঠানো হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা। কনটেন্টটিতে কারা অভিনয় করেছেন, সেটাও আনুষ্ঠানিক ঘোষণার পরই জানা যাবে।
সম্প্রতি নুহাশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “মশারি” যুক্তরাষ্ট্রের হলিশর্টস চলচ্চিত্র উৎসবে সেরা হরর সিনেমার পুরস্কার পেয়েছে। উদীয়মান নির্মাতাদের উৎসাহ দিতে অর্থ তহবিল, সহপ্রযোজনাসহ নানা ধরনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কানের মার্শে দ্যু ফিল্ম বাজারে অংশ নিয়েছিল ছবিটি। কানের আগে যুক্তরাষ্ট্রের সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবে প্রদর্শিত হয়েছিল “মশারি”। পরে ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রশংসিত হয়। গত মাসে কোরিয়ার একটি উৎসবে অংশ নিয়েও প্রশংসিত হয় ছবিটি।