২০২২ মিমের মনে থেকে যাবে আরও বহু যুগ

দেখতে দেখতে স্মৃতির অতল গহবরে হারিয়ে গেলা আরও একটি বছর। ২০২২ সালের বিদায়ের মাধ্যমে সময়ের আবর্তনে হাজির হয়েছে ২০২৩ সাল। বিগত বছরের পুরোনো দুখ-দুর্দশা আর গ্লানি পেছনে ফেলে অনেকেই নতুন লক্ষ্য নিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছেন।

বিদায়ী বছর কারও জন্য ভালো যায় আবার কারও জন্য খারাপ। তবে বিদ্যা সিনহা সাহা মিমের ভাষ্যমতে, ২০২২ সালটা তার জন্য স্মরণীয়ই ছিল বটে। পেশাগত হোক কিংবা ব্যক্তিগত, ২০২২ সাল যেন মিমকে দু হাত ভরে দিয়েছে। এমনকি আগামী ২০ বছর পরেও এই বছরটিকে তিনি আনন্দের সঙ্গে উদযাপন করবেন বলে জানালেন এই অভিনেত্রী।

মিমের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা পরাণ মুক্তি পেয়েছিল গত বছর। এছাড়া, গেল বছর মুক্তি পাওয়া তার অভিনীত আরেকটি সিনেমা দামাল বেশ প্রশংসিত হয়। এর আগে, গত বছরের শুরুতেই নিজের দীর্ঘদিনের ভালোবাসাকে পূর্ণতা দিয়ে নতুন জীবনে পা রাখেন এই অভিনেত্রী।

বিদায়ী ২০২২ সাল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মিম বলেন, অবশ্যই বছরটা দারুণ কেটেছে। লাক্স সুপারস্টার আমাকে নতুন একটা পরিচয় দিয়েছিল; এরপর থেকে আমি ভালো-মন্দ মিলিয়ে কাজ করেছি। মানুষের ভালোবাসা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক কিছুই পেয়েছি। তবে এই বছরটা আমাকে সেই ২০০৭ সালের কথা মনে করিয়ে দিলো। যেন পুনরায় আমার যাত্রা শুরু হলো।

মিমের জন্য ২০২২ সালটা শুরু হয়েছিল জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার মাধ্যমে। দীর্ঘ আট বছর ধরে ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে ভালোবাসার সম্পর্কে ছিলেন মিম। ২০২২ সালের ৪ জানুয়ারি তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে মিম নতুন জীবন শুরু করেন। নতুন জীবনে পদার্পণের মাধ্যমেই নিজের ভালো সময়ের শুরু হয়েছে বলে ধারণা তার।


মিম বলেন, এই বছরে আমি বিয়ে করেছি। নতুন আরেকটা পরিচয়। বিশ বছর পরে গিয়েও আমি বছরটাকে উদযাপন করবো এটার জন্য। এটা আমার জন্য সত্যিই সৌভাগ্যময় এবং বিশেষ বছর। অনেকের ধারণা, বিয়ের পর নায়িকাদের জনপ্রিয়তা কমে যায়। কাজের গুরুত্ব কমে যায়। এই ধারণাটি ভুল প্রমাণিত হলো ২০২২ সালে। এসব কথা যে ঠিক না এবং প্রকৃতপক্ষে কাজের মাধ্যমেই যে একজন শিল্পী টিকে থাকে, এটার বাস্তব প্রমাণ আমি।

যার সঙ্গে জীবনের নতুন শুরু হয়েছে, সেই সনি পোদ্দারকে নিজের সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন মিম। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমার স্বামী আমার জন্য সৌভাগ্যময়। বিয়ের পরপরই এক বছরে আমার দুটো ছবি (পরাণ ও দামাল) ব্যবসাসফল। একটা (পরাণ) তো ব্লকবাস্টার হিট হয়েছে। সেই সঙ্গে এবার আমার সমাবর্তন (স্নাতক সম্পন্ন) হয়েছে, আমি ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছি। সব মিলিয়ে এই বছরটা নিয়ে আমি খুশি।

নতুন বছরের লক্ষ্য আর প্রত্যাশা নিয়ে মিমের জানান, হাতে থাকা সিনেমার কাজ শেষ করা আর পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকাই আপাতত তার প্রত্যাশা।  

বিদায়ী বছরের সাফল্য উদযাপন আর নতুন বছরকে স্বাগত জানানোর কাজটা অবশ্য মিম করছেন দেশের বাইরেই। গত ২৯ ডিসেম্বর ঢাকা থেকে স্বামী সনি পোদ্দার এবং তাদের পরিবারকে নিয়ে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন এই চিত্রনায়িকা। মিম জানালেন, মূলত বিবাহবার্ষিকী উপলক্ষে সারপ্রাইজ হিসেবে এই ট্যুর উপহার দিয়েছেন তার স্বামী। আগামী ৮ জানুয়ারি তিনি দেশে ফিরে আসবেন।

দেশে ফিরেও অবশ্য দম ফেলার ফুসরত পাবেন না মিম। দেশে ফেরার একদিন পরই তিনি চলে যাবেন কলকাতায়। সেখানে বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত মানুষ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি। এতে মিমের বিপরীতে থাকবেন টলিউড সুপারস্টার জিৎ।