২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে “নাসেক নাসেক” শিরোনামের গান দিয়ে শুরু হয় “কোক স্টুডিও বাংলা”র প্রথম মৌসুম। শ্রোতাদের কাছে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম মৌসুম শেষের পর থেকে তাই ভক্তরা অধীর হয়ে ছিলেন দ্বিতীয় মৌসুমের। অবশেষে সেই প্রতীক্ষাও ফুরোলো। শুরু হলো কোক স্টুডিওর দ্বিতীয় সিজন।
ভালোবাসা দিবসে তিন অঞ্চলের ভাষার সমন্বয়ে “মুড়ির টিন” দিয়ে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু হয়। এরপর ব্যান্ড “মেঘদল” ও জহুরা বাউল মিলে উপহার দিয়েছেন “বনবিবি”। দুটি গানই অন্তর্জালে ঝড় তুলেছে। এবার তৃতীয় গানের পালা।
১৮ মার্চ সন্ধ্যা ৬টায় আসছে দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় গান। এই গানে ফিরছেন প্রথম সিজনের প্রথম শিল্পী অনিমেষ রায়। যিনি “নাসেক নাসেক” গান দিয়ে জয় করেছেন গোটা দেশ। এবারও নিজের জাতিগোষ্ঠী হাজংয়ের সংস্কৃতি তুলে আনছেন তিনি। গানটির শিরোনাম “নাহুবো”। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গানটিতে অনিমেষ রায়ের সঙ্গে থাকছেন কক্সবাজারের র্যাপ শিল্পী সোহানা রহমান। যাকে “ডটার অব কোস্টাল” আখ্যা দিয়েছে কোক স্টুডিও কর্তৃপক্ষ। গানটিতে হাজং ও উপকূলীয় সংস্কৃতির সমন্বয় ঘটানো হয়েছে।
এ গানের হাজং ভাষার অংশটি লিখেছেন অনিমেষ রায়। গানটি প্রসঙ্গে অনিমেষ রায় বলেন, “গানটি আমার নিজের জীবন থেকে অনুপ্রাণিত। সামাজিক প্রত্যাশার চাপে মাথা নত না করে নিজের শেকড়ের প্রতি দায়বদ্ধ থেকে এবং গানের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছি।”
র্যাপ অংশ রচনা করেছেন সোহানা। এতে তাদের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন সায়ন্তন মাংসাং, সাদুল ইসলাম ও ইমরান আহমেদ। গানটির সুর বেঁধেছেন সায়ন্তন মাংসাং।