দীর্ঘ ছয় মাস বিরতির পর নতুন আয়োজন নিয়ে ফিরছে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় প্রকাশ পাবে এর চতুর্থ সিজনের প্রথম গান ‘রুম ঝুম’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি হিসেবেই গানটি প্রকাশ করা হচ্ছে।
জানা গেছে, ‘রুম ঝুম’ গানটির মূল সুর নেওয়া হয়েছে অটোমান-তুর্কি লোকসংগীত “উস্কুদারা গিদের ইকেন” থেকে। পরবর্তীতে কবি নজরুল সেটিকে বাংলা বর্ষার আবহে নতুনভাবে রূপ দেন। বহু প্রজন্ম ধরে বাংলাদেশে জনপ্রিয় এই গানটির সাংস্কৃতিক যাত্রাকে এবার নতুন আঙ্গিকে তুলে ধরছে কোক স্টুডিও বাংলা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান। এছাড়া এতে অংশ নিয়েছেন তুরস্কের শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক।
এই গানের মাধ্যমে প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলায় যুক্ত হচ্ছেন মাহতিম শাকিব। একই সঙ্গে নতুন কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করছেন নুসরাত জাহান।
কোক স্টুডিও বাংলায় অভিষেক প্রসঙ্গে মাহতিম শাকিব বলেন, “রুম ঝুম-এর অংশ হতে পারা আমার জন্য সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে। কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে কালজয়ী সংগীতকে বর্তমান প্রজন্মের সঙ্গে সংযুক্ত করার মতো করে উপস্থাপন করা হচ্ছে এবং একই সঙ্গে এর মূল শেকড় ও ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান ও নিবেদন বজায় রাখা হয়েছে।“
অন্যদিকে নুসরাত জাহান বলেন, “রুম ঝুম গানটি আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত এবং ভীষণ অর্থবহ। গানটির সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু ভাইয়া, যিনি ছোটবেলা থেকেই আমার এবং আমার ভাই সাইফের মেন্টর ছিলেন। এ কোলাবরেশন আমার কাছে একটি স্বপ্নপূরণের মতো। কোক স্টুডিও বাংলার মাধ্যমে আমার সংগীত যাত্রা রুম ঝুম-এর মতো একটি গানের মাধ্যমে শুরু করাটা এ অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে।“
সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে “রুম ঝুম”। জানা গেছে, কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে ভিন্ন আবেগ ও সংগীতধারার ওপর ভিত্তি করে মোট আটটি গান প্রকাশ করা হবে।



