হিন্দু ধর্মাবলম্বী হলেও প্রতি বছরই পরিবারের সঙ্গে ইফতার করেন বিদ্যা সিনহা মিম। এ বছরও তার অন্যথা ঘটেনি। প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন এ চিত্রনায়িকা।
শুক্রবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারে শামিল হওয়ার মুহূর্তের ছবি আপলোড করেন মিম। সেখানে মিমকে বাবা-মায়ের সঙ্গে দেখা যায়। এছাড়া, স্বামী সনি পোদ্দারসহ পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন অভিনেত্রীর সঙ্গে।
ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজনে একত্রিত হওয়ার অনুভূতি জানিয়ে সেই পোস্টে ইংরেজীতে মিম বলেন, উষ্ণতা ও শান্তির মধ্যে প্রথম রমজান পার হয়েছে।
সপরিবারে মুসলমানদের ধর্মীয় আয়োজনে মিমের শামিল হওয়াকে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরাও ইতিবাচকভাবে নিয়েছেন। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া মিমের সেই পোস্টের কমেন্টবক্সে অনেকেই ঢাকাই সিনেমার অভিনেত্রীর প্রশংসা করেন।