Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদে আসছে শুভ-মিম অভিনীত ‘মালিক’ সিনেমা

ইতোমধ্যে সিনেমার নতুন দুটি পোস্টার প্রকাশ করা হয়েছে 

আপডেট : ২৪ মে ২০২৬, ০৩:২৭ পিএম

ঈদ-উল-আজহায় মুক্তির তালিকায় যোগ হয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ সিনেমাটি। ইতোমধ্যে সিনেমার নতুন দুটি পোস্টার প্রকাশিত হয়েছে। 

প্রথম পোস্টারে আরিফিন শুভকে অ্যাকশন লুকে দেখা গেছে এবং দ্বিতীয় পোস্টারে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন শুভ-মিম জুটি। 

গত বুধবার রাতে পরিবেশনা প্রতিষ্ঠান পোস্টার প্রকাশ করে জানায়, কোরবানির ঈদেই আসছে ‘মালিক’। ঘোষণার পরদিন প্রকাশ করা হয় আরিফিন শুভর একক লুক পোস্টার। সেখানে তাকে দেখা যায় গম্ভীর, রুক্ষ আর রহস্যময় এক অবতারে। পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে শুভ লেখেন, ‘ঈদ মোবারক, মালিক।’ এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন আলোচনা।

এর একদিন পর প্রকাশ পায় দ্বিতীয় পোস্টার। তবে এবার বদলে যায় আবহ। অ্যাকশনঘেরা অন্ধকার টোনের বদলে সেখানে দেখা যায় রোমান্টিক মুহূর্তে ধরা দেওয়া শুভ ও মিমকে। পোস্টারটি শেয়ার করে মিমও ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান। দুটি পোস্টারের ভিন্ন মেজাজ সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

গত বছরের শেষ দিকে নির্মাতা শুরু করেছিলেন ‘মালিক’ এর শুটিং। গুঞ্জন ছিল রোজার ঈদেই মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় মুক্তির পরিকল্পনা। পরে জানা যায়, কোরবানির ঈদকে লক্ষ্য করেই এগোচ্ছে পুরো আয়োজন। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা।

অ্যাকশন ঘরানার ‘মালিক’-এ দেখা যাবে এক জেদি মানুষের গল্প, যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে হয়ে ওঠে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি। সেই ‘মালিক’ চরিত্রেই অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে ভিন্নধর্মী অ্যাকশন অবতারে। চরিত্রটির জন্য তিনি নিয়েছেন মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ।

নির্মাতা সাইফ চন্দনের ভাষ্যমতে, “অ্যাকশন সিনেমা হলেও এতে আবেগ, সম্পর্ক আর দারুণ একটি গল্প আছে। শিল্পীরা অসাধারণ কাজ করেছেন। পোস্টার, গান ও ট্রেলার দেখার পর দর্শক আরও চমকে যাবে। আমরা বিশ্বাস করি ঈদে দর্শক উপভোগ করার মতো একটি সিনেমা পাচ্ছেন।”

বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির শেষ মুহূর্তের পোস্ট প্রোডাকশনের কাজ। সেখান থেকেই সাইফ চন্দন জানান, সিনেমাটি মুক্তির সকল প্রস্তুতি সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চূড়ান্তভাবে মুক্তির পরিকল্পনা ও প্রচারণা শুরু হবে বলেও জানান তিনি।

এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো- দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সবশেষ তারা জুটি বেঁধেছিলেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায়, যা মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।

   

About

Popular Links

x