যে বলিউড ‘একঘরে’ করেছিল, তাকে প্রিয়াঙ্কার ক্ষমা

বলিউডে ক্যারিয়ার শুরু করলেও অনেকদিন ধরেই প্রিয়াঙ্কা চোপড়ার ব্যস্ততা হলিউডকে কেন্দ্র করেই। মাঝে বলিউডে টুকটাক কাজ করলেও আর আগের মতো নিয়মিত নন তিনি। সম্প্রতি সপরিবারে ভারতের মুম্বাইয়ে এসেছিলেন এ অভিনেত্রী। সেখানে এক পডকাস্ট শোয়ে বলিউডে রাজনীতির শিকার হওয়া নিয়ে মন্তব্য করেন প্রিয়াঙ্কা।

“সিটাডেল” স্পাই থ্রিলার সিরিজের প্রচারণার জন্য কয়েকদিন আগে মেয়ে মালতী মেরি জোনাস ও স্বামী নিক জোনাসকে নিয়ে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। পরবর্তীতে একটি পডকাস্টে ভারতীয় এ চিত্রনায়িকা জানান, নোংরা রাজনীতির মাধ্যমে বলিউডে তাকে একঘরে করে দেওয়া হচ্ছিল। প্রিয়াঙ্কার এমন মন্তব্যের পর সংবাদমাধ্যমে জোর আলোচনা শুরু হয়।

তবে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের প্রতি কোনো রাগ মনে পুষে রাখেননি। মার্কিন অভিনেতা ডাক্স শেফার্ডের পডকাস্ট আর্ম চেয়ার এক্সপার্টের নতুন এক পর্বে এ অভিনেত্রী বলেন, “আমি যা বলেছি সত্যিই বলেছি। আমি এখন আত্মবিশ্বাসী, আর সেই কারণেই আমার জীবনের ওই অধ্যায়ের বিষয়ে আমি এখন স্বচ্ছন্দে কথা বলতে পারছি। যা ঘটেছিল, সেটি আমার জন্য কঠিন এক পরিস্থিতি ছিল। তবে সেই পরিস্থিতির কথা আমি ভুলে গিয়েছি। অনেক আগেই আমি এখান থেকে বেরিয়ে এসে নিজের মতো করে শান্তিতে আছি।”

ডাক্স শেফার্ডের পডকাস্ট আর্ম চেয়ার এক্সপার্টের সেই পর্বে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ না করে প্রিয়াঙ্কা জানান, কয়েকজনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার জেরে তিনি বলিউডের কুৎসিত রাজনীতিতে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিলেন। পরে এ কারণেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান এ অভিনেত্রী। বর্তমানে সেখানেই নিজের ক্যারিয়ার নিয়ে মনোযোগী প্রিয়াঙ্কা।

২০১৫ সালের “কোয়ান্টিকো”র পর দ্বিতীয়বারের মতো হলিউডের কোনো সিরিজে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। “সিটাডেল” সিরিজে প্রিয়াঙ্কার সহশিল্পী হিসেবে আছেন রিচার্ড ম্যাড্ডেনে। এতে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় অভিনেত্রী বলেন, সিরিজটির নির্মাণ নিয়ে পাঁচ বছর আগে পরিকল্পনা হয়েছিল এবং এখানে অভিনয় করাটা তার জন্য উপভোগ্য অভিজ্ঞতা ছিল।

ভারত, ইতালি এবং মেক্সিকোর যৌথ প্রযোজিত “সিটাডেল” সিরিজটি পরিচালনা করছেন দুই ভাই জো এবং অ্যান্থনি রুশো। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে সিরিজটি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড়সহ বিভিন্ন ভাষায় পাওয়া যাবে। ২৮ এপ্রিল থেকে ছয় পর্বের স্পাই থ্রিলার ঘরানার সিরিজটির সম্প্রচার শুরু হবে।