Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ানোর অভিযোগে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

‘ক্রুয়েল ইনটেনশনস’ ও ‘লিগ্যালি ব্লন্ড’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান এই অভিনেত্রী 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ারকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেলটা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে দুই বিমানকর্মীকে আক্রমণের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এবার পুলিশ কর্মকর্তা ও এক নার্সকে লাথি মারার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ১২ অক্টোবর আদালতে হাজির হয়ে কয়েকটি অভিযোগ অস্বীকার করেছেন ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী। তার আইনজীবীর দাবি, শারীরিক অসুস্থতার কারণে বিভ্রান্ত হয়ে এমন আচরণ করেছিলেন সেলমা। তিনি ইচ্ছা করে এসব করেননি। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিবিএস নিউজ ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের পর সেলমাকে হেফাজতে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, উড়োজাহাজে তিনি একজন অ্যাটেনডেন্টকে ঘুষি মারেন এবং আরেকজনকে কামড় দেন। এছাড়া আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

উড়োজাহাজের ঘটনার পর সেলমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। অভিযোগপত্রে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, স্ট্রেচারে সেলমাকে নিরাপদে রাখার সময় তিনি বাঁধন থেকে একটি পা বের করেন। এরপর ওই কর্মকর্তার মুখ, ঘাড় ও বুকে বারবার লাথি মারেন।

হাসপাতালে নেওয়ার পর এক নার্সের বুকে লাথি মারার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় নিউইয়র্কের কুইন্স আদালতে সেলমার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হামলার দুটি অভিযোগ আনা হয়েছে।

১২ অক্টোবর রাতে আদালতে হাজির হলে তার আইনজীবী শন বার্নস অভিযোগের একাংশ অস্বীকার করেন। বিচারক জামিনের পরিমাণ নির্ধারণ করেন নগদ ২০ হাজার ডলার অথবা ৬০ হাজার ডলারের বন্ড। মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারিতে হওয়ার কথা।

উড়োজাহাজের ভেতরের ঘটনার জন্য আলাদাভাবে ফেডারেল অভিযোগও আনা হয়েছে। এপির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজে হামলার অভিযোগের বিষয়ে সেলমাকে নোটিশ দিয়েছে এফবিআই। বিষয়টি ব্রুকলিনের ফেডারেল আদালতে নিষ্পত্তি হওয়ার কথা। তবে এ মামলায় তার হাজিরার তারিখ তখনো নির্ধারণ করা হয়নি। অর্থাৎ, এ ঘটনায় অঙ্গরাজ্য ও ফেডারেল - দুই পর্যায়েই আইনি প্রক্রিয়া চলছে।

উড়োজাহাজে কী ঘটেছিল

ডেলটা এয়ারলাইনসের ফ্লাইট ৯৩৮ লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক যাচ্ছিল। উড়োজাহাজটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রাত ১১টার দিকে এক যাত্রীর আক্রমণাত্মক আচরণের খবর পান কর্তৃপক্ষ। এরপর বন্দর কর্তৃপক্ষের পুলিশ সদস্যরা উড়োজাহাজটির কাছে যান।

প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় দুই অ্যাটেনডেন্ট আহত হওয়ার কথা জানান। তাদের একজনকে হাসপাতালে নেওয়া হয়। পাইলটের সঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের কথোপকথনের একটি অডিও রেকর্ডিংয়েও আহতদের কথা রয়েছে। সেখানে নাক দিয়ে রক্ত পড়া ও কামড়ের দাগের কথা জানান পাইলট। আহত ব্যক্তিদের পরীক্ষা করার জন্য বিমানবন্দরে চিকিৎসাকর্মী প্রস্তুত রাখার অনুরোধও করেন তিনি।

সিবিএস নিউজ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রের দাবি, উড়োজাহাজের কর্মীদের সেলমাকে নিয়ন্ত্রণে আনতে হয়েছিল। তবে ঠিক কীভাবে ঘটনার শুরু হয়েছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যা বললেন আইনজীবী

সেলমার আইনজীবীর দাবি, তার মক্কেল ইচ্ছা করে এমন আচরণ করেননি। নিউইয়র্ক ডেইলি নিউজ ও নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সেলমা এমন একটি ওষুধের কয়েকটি নির্ধারিত মাত্রা নিতে পারেননি, যা তার গুরুতর স্নায়বিক উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে।

আইনজীবী জানান, লস অ্যাঞ্জেলেসে কাজের অতিরিক্ত চাপের পর উড়োজাহাজে উঠেছিলেন সেলমা। যাত্রার সময় তার মাথায় আঘাত লাগে বলেও দাবি করা হয়েছে। ওষুধ না খাওয়া, মাথায় আঘাত এবং উড়োজাহাজের উচ্চতার প্রভাবে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন বলে আদালতে যুক্তি দেন আইনজীবী।

এর আগে সেলমার প্রতিনিধি ভ্যারাইটিকে জানিয়েছিলেন, শারীরিক জরুরি অবস্থার কারণেই কথিত ঘটনাগুলো ঘটেছিল। উড়োজাহাজ অবতরণের পরপরই তাকে চিকিৎসা দেওয়া হয়। তখন তার অবস্থা স্থিতিশীল ছিল বলেও জানানো হয়েছিল।

সেলমার শারীরিক অসুস্থতার বিষয়টি সামনে আসায় তার দীর্ঘদিনের রোগ নিয়েও আলোচনা হচ্ছে। ২০১৮ সালে তিনি জানান, তিনি মাল্টিপল স্ক্লেরোসিসে (এমএস) আক্রান্ত। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দীর্ঘমেয়াদি একটি রোগ, যা মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের স্নায়ুর ওপর প্রভাব ফেলতে পারে।

রোগটির কথা জানানোর পর থেকে নিজের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন সেলমা। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়েও কাজ করেছেন তিনি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক আইন প্রণয়নের বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাকে দেখা যায়।

উড়োজাহাজে অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণের ঘটনা সেলমার জীবনে এবারই প্রথম নয়। ২০১৬ সালে মেক্সিকোর কানকুন থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটে ভ্রমণের সময়ও তিনি এরকম আচরণ করেন। সে সময় তাকে স্ট্রেচারে করে উড়োজাহাজ থেকে নামানো হয়। ওই যাত্রায় তার সঙ্গে ছিল চার বছরের ছেলে। 

পরে সেলমা জানান, এক গ্লাস ওয়াইন পান করার পর ওষুধ খাওয়ায় তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি অভিজ্ঞতাটিকে ভয়াবহ ও আতঙ্কজনক বলে বর্ণনা করেন। একজন মা হিসেবে এমন পরিস্থিতিতে পড়া তার নিজের কাছেও অস্বাভাবিক ছিল বলে জানিয়েছিলেন তিনি।

১৯৯৯ সালের ‘ক্রুয়েল ইনটেনশনস’ ও ২০০১ সালের ‘লিগ্যালি ব্লন্ড’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান সেলমা ব্লেয়ার। পরে ২০০৪ সালের ‘হেলবয়’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

   

About

Popular Links

x