বয়স পঞ্চাশের দোরগোড়ায়য় হলেও এখনও শাকিব খানই ঢালিউডের অন্যতম শীর্ষ নায়ক। ঢাকাই সিনেমার ইন্ডাস্ট্রি এক শাকিবের কাঁধেই ভর করে দাঁড়িয়ে আছে বললেও বাড়িয়ে বলা হবে না। কিন্তু বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন বিতর্কে প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছেন এ ঢালিউড সুপারস্টার।
সাম্প্রতিক সময়ে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করে আলোচনার কেন্দ্রে রয়েছেন শাকিব। এর মাঝেই শাকিবের পাশে এসে দাঁড়ালেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী আসিফ আকবর। বুধবার (২৪ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে শাকিব খানের ভূমিকা, অবদান এবং প্রয়োজনীতার কথা তুলে ধরেন।
আসিফ বলেন, “দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিশমা দেখেই আসছি বিশ বছর ধরে। আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। প্লেব্যাক আর্টিস্ট হিসেবে শাকিব খানের লিপে বেশ কিছু গান গাওয়ার সুযোগ আমার হয়েছে। দুজনার দেখা সাক্ষাৎ কম হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সমসময়ই ছিল। এখনও মাঝে মাঝে কথা হয়, তিনি উচ্ছ্বাস নিয়েই সবসময় কথা বলেন, আমার ভালো লাগে।”
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহের কথা উল্লেখ করে এ সঙ্গীতশিল্পী বলেন, “তারকাদের ব্যক্তিজীবন নিয়ে মানুষের মধ্যে একটা ফ্যান্টাসি সবসময়ই কাজ করে। এটা নতুন কোনো চর্চা নয়, বরং রঙিন দুনিয়ার খবরাখবরের শেল্টার নিয়ে একধরনের পরচর্চায় অনেকে নিজের অন্ধকার জগতকে নিমিষে গুম করে ফেলেন। বিখ্যাতদের ব্যক্তিগত বিষয়গুলোই আলোচনা-সমালোচনায় থাকবে, এটাই স্বাভাবিক। জৌলুসপূর্ণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির চোখ রাঙানি সত্ত্বেও শাকিব খান আজও একাই সিনেমা হলে দর্শক টেনে চলেছেন। আর এ জন্যই তিনি কিং খান…।”
শাকিবের তারকাখ্যাতির প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “যশ খ্যাতি ওপরওয়ালার দান, মানুষ শুধুই উপভোগ করতে পারে। একজন শাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে, ইন্ডাস্ট্রি অক্সিজেন পায়। এ দেশে মানুষের বিনোদনের সুযোগ এমনিতেই সীমিত। সোশ্যাল মিডিয়ার এলেবেলে দূরন্তপনায় ভালো-মন্দ সবই ছড়িয়ে পড়ে দ্রুত, সেগুলো স্থায়িত্বও পায় সিজনাল জামের মত। আঁতেলদের তীর্যক পর্যবেক্ষণ পায়ে দলে বাংলা সিনেমার প্রাণ শাকিব খানই। এখনও শাকিব খানের লিপে গান দিতে পারলে গায়করা ক্যারিয়ারের পালে বাতাস পায়, নায়িকারা ব্রেক (কাজের সুযোগ) পায়, প্রযোজকরা লগ্নি ফেরত পাওয়ার ভরসা রাখেন, পরিচালকরা ভালো সিনেমা বানানোর স্বপ্ন দেখেন।”
কাজের মাধ্যমেই তারকাদের মূল্যায়ন হওয়া উচিত জানিয়ে তিনি বলেন, “দিনশেষে তারকাদের মূল্যায়ন তার পেশাদারিত্বেই নিহিত থাকে, শোবিজের গাল-গপ্প ক্ষুদ্রতম অংশ মাত্র। এরকম একজন শাকিব খানকে বিভিন্ন প্রকার মিডিয়া বিভ্রাটে ফেলে সর্বোচ্চ আহত করা যাবে, নিঃশেষ করা অসম্ভব। আমি মনে প্রাণে বিশ্বাস করি শাকিব খান এখনও দেশের সেরা নায়ক, তার যেকোনো বিকল্প ভাবা বিনা বিনিয়োগে জাস্ট টাইম পাস (সময় অপচয়) করা।”
আসিফ আরও বলেন, “গায়ক হিসেবে আমি শাকিব খানের একজন সহকর্মী মাত্র। আমি চাই তিনি বাংলাদেশের আনপ্যারালাল নায়ক হিসেবে মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যান ক্রমোন্নতির দিকে।” সবশেষে শাকিব খানের প্রতি ভালোবাসা এবং শুভকামনা জানান এ সঙ্গীতশিল্পী।