কোক স্টুডিও বাংলায় আসছে ফুয়াদের তৈরি গান

২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে “নাসেক নাসেক” শিরোনামের গান দিয়ে শুরু হয় “কোক স্টুডিও বাংলা”র প্রথম সিজন। শ্রোতাদের কাছে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম মৌসুম শেষের পর থেকে তাই ভক্তরা অধীর হয়ে ছিলেন দ্বিতীয় মৌসুমের।

অবশেষে এ বছর ভালোবাসা দিবসে তিন অঞ্চলের ভাষার সমন্বয়ে “মুড়ির টিন” দিয়ে শুরু হয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। এরপর একে একে “বনবিবি”, “নাহুবো”, “দেওরা”, “নদীর কূল”,“কথা কইয়ো না”র মতো গানগুলো মুক্তি পেয়েছে।

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে কোক স্টুডিও বাংলা নিয়ে আসছে নতুন চমক। বাংলা গানের আধুনিকতার অন্যতম পথপ্রদর্শক ফুয়াদ আল মুক্তাদির। একবিংশ শতকের শূন্য দশকে তার সংগীতায়োজনে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আসছে ঈদে কোক স্টুডিও বাংলার জন্য তিনি ভিন্ন ধাঁচের গান নিয়ে আসছেন।

কোক স্টুডিও বাংলার সূত্রে জানা যায়, ফুয়াদের তৈরি করা গানে কণ্ঠ দিয়েছেন ভারতের মুর্শিদাবাদী খ্যাত সৌম্যদী শিকদার ও বাংলাদেশের তাসফিয়া ফাতিমা (তাশফি)। কোক স্টুডিও বাংলার প্রথম সিজনেও তাদের প্রতিনিধিত্ব ছিল। এর মধ্যে সৌম্যদীকে “সব লোকে কয়” এবং তাশফিকে “লীলাবালি” গানে পাওয়া যায়।

আয়োজকদের পূর্বাভাস ফুয়াদের সংগীত পরিচালনায় গানটি হবে ঈদে বাড়ি ফেরার আবহে। ঈদ-উল-আজহা উপলক্ষে শনিবার (২৪ জুন) রাত ৮টায় গানটি উন্মুক্ত করা হবে। গানটি নিয়ে ফুয়াদ আল মুক্তাদির বলেন, আশা করি “আপনারা আমার সঙ্গে থাকবেন। জানি না, কতটুকু পেরেছি; তবে তোমাদের ভালোবাসা আর দোয়া প্রয়োজন।”

শৈশব থেকেই ফুয়াদ আল মুক্তাদির যুক্তরাষ্ট্রে বসবাস করেন। মাঝেমাঝ তিনি দেশে এসে গান করেন। যুক্তরাষ্ট্রের মাটিতেও নিয়মিত তার গানের চর্চা চলে। গত মার্চে ফুয়াদ গুরুতর অসুস্থ ছিলেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার ৮ ঘণ্টাব্যাপী ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সেই অসুস্থতা কাটিয়ে সঙ্গীতপ্রেমীদের বড় চমক দিতে ফিরছেন ফুয়াদ।