‘আমাদের গল্প ও চিন্তার জায়গায় সীমাবদ্ধতা আছে’

ঢাকাই শোবিজের একসময়ের জনপ্রিয় নায়ক রুবেল। দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্রের বাইরে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেতা। ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম সিনেমা “৭১ এর একখণ্ড ইতিহাস”। প্রচণ্ড আশাবাদী এই নায়ক মনে করেন ঢালিউডের এখন দুর্দিন চললেও সুদিন ফিরে আসবে।

তবে এই সুদিন ফেরাতে দরকার মানসম্মত কাজ। ঢাকাই সিনেমা নিয়ে তার মূল্যায়ন, ঢালিউড ভালো ছবি দিতে ব্যর্থ হচ্ছে। দর্শকের চাহিদামতো উপকরণ দিতে পারছে না। ঢাকাই সিনেমার গল্প ও চিন্তার জায়গায় সীমাবদ্ধতা রয়েছে। সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

এক সময় তুমুল আলোচনায় থাকা এই ঢাকাই নায়ক তার সিনেমা মুক্তির স্মৃতিচারণ করে বলেন, “বৃহস্পতিবার এলেই পত্রিকার দিকে তাকিয়ে থাকতাম। মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে লেখা হতো, বিজ্ঞাপন ছাপা হতো। সিনেমা হলে পা রাখার জায়গা পেতাম না। হলে গেলে দর্শক ঘিরে ধরতো। রুবেল মার খেলে দর্শক ভিলেনকে গালি দিয়েছে- সেই জায়গা হারিয়েছি। আমি তো মনে করি, আমাদের দর্শক আছে। সিনেমা ব্যর্থ হচ্ছে, এখানে দর্শকদের দোষ নেই।” 

চলচ্চিত্র অঙ্গন নিয়ে কোনো আফসোস হয় কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি আশাবাদী মানুষ। আমি বদনাম করতে চাই না। ঢালিউড সিনেমাকে ভালোবাসি। একজন ফিল্ম হিরোর জীবনে যা পাওয়ার থাকে, তার সবই ঢালিউড থেকে পেয়েছি। আমার কোনো দুঃখ বা অভিযোগ নেই। এখন ঢালিউড ভালো করছে না। একসময় আবার ভালো করবে।”

“৭১ এর একখণ্ড ইতিহাস” সিনেমায় বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন রুবেল। এছাড়া “কিল হিম” সিনেমার শুটিং করছেন তিনি।