মঞ্চ নাটকে শুরু করলেও নানা ব্যস্ততায় মঞ্চের সঙ্গে তৈরি হয়েছিল লম্বা দূরত্ব। তবে সেটি ঘুচেছে। এখন প্রায়ই মঞ্চে দেখা যায় প্রখ্যাত অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে।
এরই ধারাবাহিকতায় আবারও মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
শনিবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে তার অভিনীত “রিমান্ড” নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার।
নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে সুদীর্ঘকাল ঢাকার মঞ্চে অভিনয় করেছেন তিনি। মঞ্চপ্রেমীদের কাছে পেয়েছেন ভালোবাসা, প্রশংসা।
“রিমান্ড” নাটকটির নির্দেশক শুভাশিস সিনহা। নাটকটির নাট্যকারও তিনি। এই নাটকে আসাদুজ্জামান নূর অভিনয় করবেন একজন লেখকের চরিত্রে। নাটকটি প্রযোজনা করছে হৃদমঞ্চ।
এই নাটকে আসাদূজ্জামান নূরের সঙ্গে গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন জ্যোতি সিনহা। মঞ্চ পরিকল্পনা করেছেন কামালউদ্দিন কবির।
আজ দুপুরে আসাদুজ্জামান নূর বলেন, “রিমান্ড একটি ভিন্নধারার নাটক। ভিন্নরকম গল্প নিয়ে নাটকটি। এই বয়সে মঞ্চে অভিনয় করা সত্যি কঠিন। তারপরও মঞ্চায়ন শেষ হবার পর যখন সবাই প্রশংসা করেন, যখন অভিনয় শেষ করি তখন এক ধরনের তৃপ্তি পাই। ভালো লাগা পাই।”
তিনি আরও বলেন, “এই নাটকে জীবনের কিছু গভীর তত্ত্ব উঠে এসেছে। গভীর কিছু উপলব্ধির কথা উঠে এসেছে, যা মানুষকে ভাবাবে। এই নাটকটি দিয়ে এই সময়টাকে দর্শকরা খুঁজে পাবেন। মানুষ ও মানুষের জীবন, গুরুত্ব এবং বেঁচে থাকা রিমান্ড নাটকে দেখা যাবে।”
“অভিনয়টা সারাজীবন উপভোগ করেছি। এখনো তাই করি। উপভোগ করি বলেই তো অভিনয় করতে পারছি,” বলেন তিনি।