অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার কারণ তদন্ত করতে কাঠগড়ায় তোলা হয়েছিল প্রেমিকা রিয়া চক্রবর্তীকে।
পুলিশের সন্দেহে রিয়া এক মাস কারাগারেও ছিলেন। গত বছর অক্টোবর মাসে জামিন দেওয়া হয় তাকে।
মামলার কারণে গত এক বছর রিয়া চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্ট, ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করা হয়।
সম্প্রতি মাদক মামলা সংক্রান্ত (এনডিপিএস) আদালতের অনুমতিতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ফিরে পেলেন এ অভিনেত্রী। বাজেয়াপ্ত করা ল্যাপটপ এবং ফোনের দখলও পেয়েছেন তিনি।
অ্যাকাউন্ট ফেরত পাওয়ার আবেদনে রিয়া জানান, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর মাসে তার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি পেশায় একজন মডেল ও অভিনেত্রী। নিজের জীবনযাপনের ভার তার হাতে। তা ছাড়া তার সংসারে এবং কর্মক্ষেত্রে যে মানুষরা কাজ করেন, তাদের বেতনের জন্য টাকা পয়সা তোলা ও জমানোর জন্য নিজের অ্যাকাউন্টগুলোর প্রয়োজন রয়েছে রিয়ার।
তবে এতে আপত্তি তোলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তবে শেষ-মেশ আদালতের রায় রিয়ার পক্ষেই এলো।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেন।