Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহরুখের দেওয়া ল্যাপটপ পাঁচ বছর ফেলে রেখেছিলেন আমির

দীর্ঘদিন পর যখন ম্যানেজারের কথায় আমির সেই অব্যবহৃত ল্যাপটপ চালু করতে যান, তখন তার জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০১:০২ পিএম

বলিউড বাদশাহ শাহরুখ খান একবার আরেক চিত্রনায়ক আমির খানকে উপহার হিসেবে একটি ল্যাপটপ দিয়েছিলেন। প্রযুক্তির প্রতি শাহরুখের ব্যাপক আগ্রহ থাকলেও আমির ছিলেন পুরোই বিপরীত। তাই উপহার পাওয়ার পাঁচ বছর পরও সেই ল্যাপটপ চালু করেননি তিনি।

শেষ পর্যন্ত অবশ্য শাহরুখের উপহার দেওয়া ল্যাপটপ চালুর সিদ্ধান্ত নেন আমির। কিন্তু ততদিনে হয়ে গেছে বেশ দেরি । দীর্ঘদিন পর আমিরের ম্যানেজার যখন সেই ল্যাপটপ চালু করতে যান, তখন আর সেটি কাজ করার মতো অবস্থায় ছিল না। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

ন্যাসকমের অ্যানুয়াল টেকনেলজি অ্যান্ড লিডারশিপ সামিটে আমির খানের দেওয়া এক বক্তব্যের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানেই ল্যাপটপ নিয়ে এ মজার অভিজ্ঞতার কথা জানান মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এ অভিনেতা।

এক ইভেন্টে আমির খান বলেন, “প্রযুক্তি আর আমি দূর দূরান্তের বাসিন্দা। আপনাদের একটা মজার ঘটনা বলি। ১৯৯৬ সালে শাহরুখ ও আমি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শো করছিলাম। শাহরুখের আগে থেকেই প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল। এমনকি নব্বইয়ের দশকের সেই সময়টায়ও সে সবকিছু সম্পর্কে খোঁজ রাখতো।”

এ বলিউড অভিনেতা আরও বলেন, “সেই সময় তোশিবা ব্র্যান্ডের নতুন ধরনের ল্যাপটপ বাজারে এসেছিল। শাহরুখ তখন সেটি কেনার সিদ্ধান্ত নেন। একইসঙ্গে সে আমাকেও ওই ল্যাপটপ কেনার জন্য রাজি করান। যদিও আমার কম্পিউটারের প্রয়োজন ছিল না, তবুও শাহরুখের অনুরোধে আমি রাজি হই। আমি শাহরুখকে বলি, তুমি যা কিনছো, আমার জন্যও একটা কিনে নিও।”

পরবর্তী সেই ল্যাপটপ চালুর ঘটনা স্মরণ করে আমির বলেন, “সেই ল্যাপটপ কেনার পাঁচ বছর পর আমার নতুন এক ম্যানেজার সেটি চালুর অনুমতি চান। আমি অনুমতি দিলে সে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ওই ল্যাপটপ চালু করতে যায়। কিন্তু সেটি আর চালুই হয়নি।”

বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন শাহরুখ ও আমির। তবে এ দীর্ঘ সময়েও তারা কখনো একই সিনেমায় পর্দা ভাগাভাগি করেননি। ১৯৯৩ সালে আশুতোষ গোয়ারিকরের পরিচালিত “পেহলা নাশা” সিনেমায় এই দুই অভিনেতাকে শুধু ক্যামিও রোলে কাজ করতে দেখা গিয়েছিল।

শাহরুখ খানকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল গত জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত “পাঠান” সিনেমায়। অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি ভারতের পঞ্চম সিনেমা হিসেবে বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপির বেশি আয় করে। সামনে কিং খানকে দেখা যাবে “জাওয়ান” সিনেমায়। ছবিটি আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অন্যদিকে, গত বছর “লাল সিং চাড্ডা” সিনেমা দিয়ে চার বছরের বিরতির পর পর্দায় ফিরেছিলেন আমির খান। কিন্তু রুপালি পর্দায় আমিরের প্রত্যাবর্তনের অভিজ্ঞতা সুখকর হয়নি। বয়কট ট্রেন্ডের মুখে হলিউড সিনেমা “ফরেস্ট গাম্প”র হিন্দি রিমেকটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে ছবিটির ব্যর্থতার দায় নিয়ে আমির ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দেন। “লাল সিং চাড্ডা” সিনেমার ব্যর্থতার পর আপতত অভিনয় থেকে সাময়িক বিরতিতে আছেন আমির খান।

   

About

Popular Links

x