সুদর্শন হলেও ব্যক্তিগত আর পারিবারিক জীবনের বিভিন্ন দিকের কারণে প্রায়ই নিন্দিত হতে হয় রণবীর কাপুরকে। সম্প্রতি স্ত্রী আলিয়া ভাটের ফাঁস করা আরেকটি কথায় সেটি যেন আরও বাড়লো। এই বলিউড অভিনেত্রী জানিয়েছেন, তিনি ঠোঁটে একেবারেই হালকা করে লিপস্টিক ব্যবহার করেন। কারণ স্বামী রণবীর তার ঠোঁটে গাঢ় শেডের লিপস্টিক থাকা পছন্দ করেন না।
ভগ ইন্ডিয়ার জন্য একটি নতুন ভিডিওতে আলিয়া শেখাচ্ছেন কীভাবে ফাউন্ডেশন ছাড়াই প্রতিদিন মেকআপের সাজ করা যায়। তবে ভিডিওটির যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, সেটি হলো আলিয়ার লিপস্টিক ব্যবহারের ধরন।
বলিউড অভিনেত্রী আর তারকা হলেও দিনশেষে আলিয়া রক্ত-মাংসেরই মানুষ। সাজগোজের অংশ হিসেবে তারও লিপস্টিকের প্রয়োজন হয়। কিন্তু আলিয়া মোটেও আর দশজনের মতো লিপস্টিক ব্যবহার করেন না। লিপস্টিক নিয়ে তা ঠোঁটে ঘষার পরিবর্তে আলিয়া লিপস্টিকের গায়ে ঠোঁট ঘষেন। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
অনেকেই হয়তো আলিয়ার লিপস্টিক ব্যবহারের প্রক্রিয়াটা বোঝেননি। আলিয়ার দেখানো পদ্ধতি অনুযায়ী, লিপস্টিকটি হাতে সোজা করে ধরে রাখতে হবে। এবার মুখ বাড়িয়ে লিপস্টিকের গায়ে ঠোঁট ঘুরিয়ে ঘুরিয়ে বুলিয়ে নিতে হবে। এরপর আঙুলের মাধ্যমে অতিরিক্ত রং মুছে ফেলতে হবে।
এরকম অদ্ভুতভাবে লিপস্টিক ব্যবহারের কারণ জানিয়ে আলিয়া বলেন, “কারণটা আমার স্বামী রণবীর কাপুর। প্রেমিক থাকাকালেও সে আমার লিপস্টিক ব্যবহার পছন্দ করতো না। লিপস্টিক পরলেই বলে মুছে ফেলো মুছে ফেলো। আমার ঠোঁটের স্বাভাবিক রংই তার বেশি পছন্দ।”
আলিয়া হয়তো ভেবেছিলেন, স্বামীর সঙ্গে তার এই দুষ্টুমিষ্টি ব্যাপারটিকে সবাই ইতিবাচকভাবেই নেবেন। কিন্তু আদতে হয়েছে উল্টোটা। অনেকেই রণবীরের এমন দাপুটে মনোভাবকে ভালো চোখে দেখেননি। এমনকি কেউ কেউ রণবীরের এমন আচরণে সম্পর্কের সুস্থতা নিয়েও সংশয় প্রকাশ করছেন।
এক ব্যবহারকারী বলেন, “যতোই রণবীর কাপুরের কথা শুনি, ততই আমি তার (আলিয়া) জন্য ভয় পাই। যদি আপনার প্রেমিক বা স্বামী আপনাকে নিজের লিপস্টিক মুছতে বলে, তাহলে এটিই সম্পর্ক থেকে বেরিয়ে আসার বড় ইঙ্গিত! এটা মোটেও সুন্দর বা মজার কোনো বিষয় না!”
আরেক ব্যবহারকারী বলেন, “আমি কখনোই এমন এমন মানুষকে কাছে আসার অনুমতি দেবো না যে আমাকে আমার লিপস্টিক মুছে ফেলতে বলে।” অপর এক ব্যবহারকারী বলেন, “স্বামী পছন্দ করে না বলে সময়ের অন্যতম শীর্ষ অভিনেত্রীর নিজের লিপস্টিক মুছে ফেলার বিষয়টি আমি বিশ্বাস করতে পারছি না।”
প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে পাঞ্জাবি রীতিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে হয়। পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনেকটা ঘরোয়া এবং সাধারণ আয়োজনে এ বিয়ে অনুষ্ঠিত হয়। গত নভেম্বরে রণবীর-আলিয়া দম্পতির ঘর আলো করে আসে রাহা নামের এক কন্যাসন্তান।
গত বছর মুক্তি পাওয়া “ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান:শিবা” চলচ্চিত্রে অভিনয়ের রুপালি পর্দায়ও প্রথমবারের মতো জুটি বেঁধে হাজির হন রণবীর-আলিয়া। ৪১০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি বলিউড ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। মুক্তির পর আয়ান মুখার্জি পরিচালিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করে।
রণবীর কাপুরকে সর্বশেষ রুপালি পর্দায় দেখা গিয়েছে গত মার্চে মুক্তি পাওয়া “তু ঝুটি ম্যায় মাক্কার” সিনেমায়। অন্যদিকে, আলিয়াকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে গত মাসে মুক্তিপ্রাপ্ত “রকি অউর রানি কি প্রেম কাহানি” সিনেমায়। দুটি সিনেমাই ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছে।